জলাবদ্ধতা এখন নিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারী বর্ষণে যাত্রাবাড়ীর শেখদির ডিএনডি বাঁধ এলাকায় গতকাল জলাবদ্ধতার সৃষ্টি হয় ষ হাসান রাজা
ভারী বর্ষণে যাত্রাবাড়ীর শেখদির ডিএনডি বাঁধ এলাকায় গতকাল জলাবদ্ধতার সৃষ্টি হয় ষ হাসান রাজা

‘এবারের বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা নয়, বড়জোর জলজট হতে পারে, যা বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যে নেমে যাবে। এ ছাড়া এবার জলাবদ্ধতা রোধে ঢাকা ওয়াসার ব্যাপক প্রস্তুতি রয়েছে।’
৪ জুন ওয়াসা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
কিন্তু তাঁর কথা যে সত্য হয়নি, গতকাল শনিবার তা নগরবাসী বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। জলজট নয়, গতকাল রাজধানীতে হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাতে বৃষ্টির পর সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী চাকরিজীবী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। সকালের পর ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা আরও কঠিন রূপ নেয়।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানায়, তিন হাজার ৬০ বর্গকিলোমিটারের ঢাকা শহরে ওয়াসার ড্রেনেজ লাইন রয়েছে মাত্র ২৭৪ কিলোমিটার। আর ঢাকা ওয়াসার এসব ড্রেনেজ লাইন ঘণ্টায় মাত্র ১০ মিলিমিটার বৃষ্টি ধারণ করতে পারে। যে জন্য যথারীতি গতকালও ঢাকায় অসহনীয় জলাদ্ধতা হয়েছে। এ অবস্থা এক যুগের বেশি সময় ধরে চলছে।
গতকাল বেলা সোয়া একটার দিকে জাতীয় সংসদ চত্বরেও প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা যায়। এ ছাড়া বিজয় সরণি মোড়, মালিবাগ, সিদ্ধেশ্বরী, মৌচাক, শান্তিনগর, রাজারবাগ, কাকরাইল, নয়াপল্টন, আরামবাগ, মতিঝিল, গোপীবাগ, পরিবাগ, লালমাটিয়া, রোকেয়া সরণি, মিরপুর ১০ নম্বর গোলচত্বর, হাজারীবাগ-শুক্রাবাদ, গুলশান-বারিধারা-বাড্ডা, বকশীবাজারসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশির ভাগ এলাকা হাঁটুপানিতে তলিয়ে যায়। রাতেও কিছু এলাকা থেকে পানি নামেনি।

সূত্রমতে, কিছু পাইপলাইন চওড়া করা হলেও নতুন লাইন বাড়াতে পারেনি ওয়াসা। ঢাকার মিরপুর এলাকায় ৭০ ভাগ অংশে এবং উত্তরায় বেশির ভাগ এলাকায় ওয়াসার ড্রেনেজ লাইন তৈরিই হয়নি।

ওয়াসার একাধিক কর্মকর্তা বলছেন, ড্রেনেজ লাইন বাড়ানো ছাড়াও নিষ্কাশনব্যবস্থার উন্নতি করতে হলে ঢাকার প্রধান সড়কগুলোর নিচে ওয়াসার যে ১৭০ কিলোমিটার নালা-নর্দমা (ড্রেনেজ লাইন) রয়েছে, তার পুরোটাই পাল্টাতে হবে। এর জন্য প্রচুর টাকা লাগবে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এর বাইরে ঢাকায় জলাবদ্ধতার বড় কারণ হচ্ছে দখলদারদের কারণে রাজধানীর পানি চলাচলের খালগুলো রুদ্ধ হয়ে যাওয়া এবং ঝিল বা জলাশয়গুলো ভরাট করে ফেলা।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, এই ড্রেনেজ ও স্টর্ম সুয়ারেজ (বৃষ্টির পানি যাওয়ার পথ) ব্যবস্থার উন্নতির জন্য গত তিন বছরে প্রায় ৫০ কোটি টাকার মতো খরচ করা হয়েছে। তাতে তো লাভ হয়ইনি, বরং অপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি খোঁড়াখুঁড়ির কারণে বর্ষার মধ্যে নগরবাসীর দুর্ভোগই শুধু বেড়েছে।

সমন্বয় নেই: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন সূত্র বলছে, ওয়াসা তাদের ড্রেনেজ লাইন ও কালভার্টগুলো সঠিকভাবে পরিষ্কার না করায় জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। অনেক নর্দমা মাটি ভরাট হয়ে বন্ধই হয়ে গেছে।

অন্যদিকে ওয়াসার অভিযোগ, সিটি করপোরেশনের নর্দমার সঙ্গে যোগ আছে ওয়াসার ড্রেনেজ লাইনের। কিন্তু সেগুলো ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি রাস্তার ওপর দিয়ে আসে। রাজধানীর রাস্তাগুলোর দুই ধারে করপোরেশনের প্রায় আড়াই হাজার নর্দমার (সারফেস ড্রেনেজ লাইন) বেশির ভাগই দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না। সেগুলোর কারণে ওয়াসার নিষ্কাশন নালা-নর্দমাও ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় ওয়াসা ও ডিসিসি ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বেশ কিছু সংস্থার ভূমিকা আছে। এগুলোর মধ্যে সমন্বয় সভা হচ্ছে ঠিকই, কিন্তু সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হচ্ছে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জলাবদ্ধতা কমানোর দায়িত্ব প্রধানত ওয়াসার। তার পরও সিটি করপোরেশন সহযোগিতা করে। এ সমস্যা কমাতে একে অপরকে দোষ না দিয়ে বিভিন্ন সংস্থার সমন্বয় বাড়ানো উচিত।

ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম জলাবদ্ধতা কমাতে ওয়াসার ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কল্যাণপুর ও ধোলাইখালে ঢাকা ওয়াসার দুটি স্থায়ী পাম্প স্টেশন রয়েছে। রামপুরা ও কমলাপুরে অস্থায়ী দুটি পাম্প স্টেশনে পাম্প বসানো হয়েছে। এ ছাড়া আরও ১১টি স্থানে অস্থায়ী পাম্প বসানো হচ্ছে।