জলাবদ্ধতা ও খানাখন্দে ভরা রাস্তাই মূল সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকেশ্বরী রোড থেকে ছাপরা মসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তায়–ফুটপাতে এভাবেই পড়ে থাকে ময়লা–আবর্জনা। এ ছাড়া হকার, ভবঘুরেরা দখল করে রাখায় এখানে চলার উপায় নেই পথচারীদের। ছবিটি গতকাল ছাপরা মসজিদসংলগ্ন ফুটপাত থেকে তোলা l হাসান রাজা
ঢাকেশ্বরী রোড থেকে ছাপরা মসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তায়–ফুটপাতে এভাবেই পড়ে থাকে ময়লা–আবর্জনা। এ ছাড়া হকার, ভবঘুরেরা দখল করে রাখায় এখানে চলার উপায় নেই পথচারীদের। ছবিটি গতকাল ছাপরা মসজিদসংলগ্ন ফুটপাত থেকে তোলা l হাসান রাজা

পানির সংকট, খানাখন্দে ভরা রাস্তা, নর্দমা উপচে রাস্তায় পানি ওঠা আর রাস্তায় বাতির সংকট—এ চারটিই হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা। ২০০২ সালের ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের আগে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনেও (২১ এপ্রিল প্রকাশিত) ওই ওয়ার্ডের সমস্যা এ চারটিই ছিল। এর মধ্যে ১৩ বছর পেরিয়েছে। কিন্তু এ সমস্যাগুলোর সমাধান হয়নি। 
পার্শ্ববর্তী ২৬ নম্বর ওয়ার্ডেও বৃষ্টি হলে রাস্তায় পানি উপচে পড়ে, একটি বড় এলাকাজুড়ে নির্দিষ্ট কোনো বাজার নেই, কয়েকটি জায়গায় ময়লা-আবর্জনার কারণে রাস্তায় চলাই দায়। গতকাল বৃহস্পতির ওয়ার্ড দুটি ঘুরে এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
এ ওয়ার্ড দুটিতে এখনো নির্বাচনী প্রচার শুরু হয়নি। ফলে দেয়ালে-পোস্টারে নির্বাচনী আমেজ নেই। তবে প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। আজিমপুরের ছাপরা মসজিদ এলাকার ব্যবসায়ী দুলাল যেমন বললেন, এলাকায় একজন জনপ্রতিনিধি থাকলে সমস্যা-দুর্দশার কথা বলা যায়। মানুষ কোথায় অভিযোগ জানাবে, সেটি খুঁজে বের করাই মুশকিল। নির্বাচন হয়ে গেলে অন্তত এ সমস্যার সমাধান হবে।
এ দুই ওয়ার্ডের মূল রাস্তাগুলো মোটামুটি ভালো। কিন্তু গলি কিংবা মূল রাস্তার পাশের রাস্তাগুলোর বেশির ভাগই খানাখন্দে ভরা।
লালবাগ রোড, জগন্নাথ সাহা রোড, কাজী রিয়াজউদ্দিন রোড, পুষ্পরাজ সাহা রোড, আতশ খান লেন, রাজশ্রীনাথ স্ট্রিট, হরমোহন শীল স্ট্রিট, গঙ্গারাম রাজার লেন, নগর বেলতলী লেন, শেখ সাহেব বাজার, সুবল দাস রোড নিয়ে ২৫ নম্বর ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০ হাজার ২১৫।
সরু নর্দমা এ ওয়ার্ডের অন্যতম সমস্যা। লালবাগ রোডের জমিলা খাতুন লালবাগ উচ্চবিদ্যালয়-সংলগ্ন ডেকোরেটর ব্যবসায়ী মো. হেদায়েতুল হক বলেন, আগে বাড়িগুলো একতলা-দোতলা ছিল, এখন পাঁচ-ছয়তলা হয়েছে। কিন্তু নর্দমার আকার বড় হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই নর্দমা উপচে রাস্তায় পানি ওঠে।
এ ওয়ার্ডের কাজী রিয়াজউদ্দিন রোড, জগন্নাথ সাহা রোড, পুষ্পরাজ সাহা রোডে খাওয়ার পানির সংকট দীর্ঘদিনের। স্থানীয় ব্যবসায়ী আলীম মৃধা বলেন, ওয়াসার পানি দুর্গন্ধযুক্ত। তাই লালবাগ শাহী মসজিদসহ বিভিন্ন জায়গা থেকে খাওয়ার পানি সংগ্রহ করতে হয় তাঁদের।
ওয়ার্ডের শায়েস্তা খান কমিউনিটি সেন্টারটি পাঁচ বছর ধরে র্যা ব-১০-এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বললেন, র্যা বের কার্যালয় আসায় উপকার হয়েছে। কিন্তু সেটি কমিউনিটি সেন্টারে হওয়ায় সমস্যাও তৈরি হয়েছে।
২৬ নম্বর ওয়ার্ড গঠিত আজিমপুর রোড, পলাশী ব্যারাক পশ্চিম ও দক্ষিণ, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বিসি দাস স্ট্রিট, লালবাগ রোডের একাংশ ও ঢাকেশ্বরী রোড নিয়ে। ভোটার সংখ্যা ২৮ হাজার ৮৭০। বেশ কিছু সরকারি কলোনি এবং বড় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এখানে।
এ ওয়ার্ডের বেশ কিছু জায়গা ঘুরে দেখা গেল, এখানকার নদর্মাগুলোও সরু। তাই বেশির ভাগ রাস্তায়ই বৃষ্টি হলে পানি ওঠে। রাস্তাগুলোতে ডাস্টবিন নেই। রাস্তাজুড়েই ময়লা-আবর্জনা ফেলে বাসিন্দারা।
এ ওয়ার্ডের ঢাকেশ্বরী রোড থেকে আজিমপুর ছাপরা মসজিদ পর্যন্ত রাস্তার একপাশের ফুটপাতে বাজার, সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিন দেখা গেল। এ এলাকায় স্থায়ী বাজার নেই বলে ফুটপাত, রাস্তায়ই বাজারের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
ছাপরা মসজিদের পাশেই একটি গলিতে একই স্থানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেখা মিলল। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠানের কারণে এ এলাকায় বাড়তি চাপ পড়ছে বলে দাবি করলেন এখানকার একাধিক বাসিন্দা।
আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির ব্যবস্থাপক ফয়েজ আহমদ প্রথম আলোকে বলেন, এ এলাকায় ভিকারুননিসা নূন স্কুল, আজিমপুর গার্লস হাইস্কুল, ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের মতো বড় কিছু প্রতিষ্ঠান আছে। এর মধ্যে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে মানুষের বসবাস ও যাতায়াত বেড়েছে। কিন্তু সে অনুযায়ী রাস্তা ও বসবাসের সুবিধা বাড়েনি।