দুই বছর আগেও মিরপুর ১০ নম্বর ঝুটপট্টি থেকে প্যারিস রোডমুখী সড়কটিতে পানি জমে থাকত বছরের ছয় মাস। সামান্য বৃষ্টিতে আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম প্রশিক্ষণ একাডেমি, কোস্টগার্ড সদর দপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কার্যালয়ের আশপাশের সড়কগুলোতে জলজট ছিল স্বাভাবিক ঘটনা। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান কিংবা উত্তরার অনেক সড়কেরও ছিল একই দশা। তবে জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নেওয়া কয়েকটি উদ্যোগের ফলে আগের পরিস্থিতি পাল্টেছে।
ডিএনসিসি সূত্র জানায়, গত দুই বছরে নিজস্ব ও সরকারি অর্থায়নে কয়েকটি প্রকল্পের আওতায় সংস্থাটি প্রায় ৮০ কিলোমিটার পাইপ নর্দমা ও ২১৫ কিলোমিটার খোলা নর্দমা নির্মাণ ও সংস্কার করেছে। এই কাজে খরচ হয়েছে প্রায় ২২০ কোটি টাকা। যে কারণে গুলশান, বনানী, বারিধারা ও উত্তরার বিভিন্ন অংশের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের সঙ্গে সঙ্গে জলাবদ্ধতাও বহুলাংশে নিরসন হয়েছে।
গুলশান, বনানী ও বারিধারা কূটনৈতিক এলাকার রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ এবং উন্নয়ন প্রকল্প শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর আওতায় ইতিমধ্যে ২৩ কিলোমিটার পাইপ নর্দমার নির্মাণকাজ শেষ হয়েছে। আর ৮০ কিলোমিটার উন্মুক্ত নর্দমার সংস্কারকাজ শেষ হয়েছে ৭০ শতাংশের বেশি। এদিকে ২০১৫-১৬ অর্থবছরে উত্তরার ৫২টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় ২৭ কিলোমিটার পানি নিষ্কাশনের নালা সংস্কার করা হয়। চলতি অর্থবছরে আরও ২০ কিলোমিটার উন্মুক্ত নর্দমা নির্মাণের কাজ চলছে।
ডিএনসিসি বলছে, এসব উদ্যোগের ফলে গোটা কূটনৈতিক এলাকা ও উত্তরার জলাবদ্ধতা কিংবা জলজট সমস্যার অনেকখানি সমাধান হয়েছে।
এদিকে স্থানীয় লোকজন বলছেন, শেওড়াপাড়া থেকে মিরপুর ১০, সেনপাড়া, রূপনগর, তেজকুনিপাড়ার কিছু অংশ, নর্দ্দা, কালাচাঁদপুর, কারওয়ান বাজার ও মোহাম্মদপুরের কয়েকটি জায়গায় জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে। যে কারণে মৌসুমের আগেই এপ্রিল মাসের শেষ দিকে কয়েক দিনের বৃষ্টিতে এসব এলাকার মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়।
তবে মিরপুর ও মোহাম্মদপুরের জলাবদ্ধতা নিরসনে এর মধ্যেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আইডিআইপি) আওতায় সড়ক ও ফুটপাত সংস্কারের সঙ্গে খোলা নর্দমা ও পাইপ নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁওসহ কয়েকটি এলাকায় ৬৫০ কোটি টাকার কাজ হচ্ছে। এর আওতায় ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত উন্নয়নসহ ছয় শতাধিক সড়ক সংস্কারের কাজ চলছে।’
তবে ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, ঢাকা ওয়াসার নিয়ন্ত্রণাধীন খালগুলো পুনঃখনন ও নিয়মিত সংস্কার না করা হলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কিংবা পাইপ নর্দমা নির্মাণের সুফল বেশি দিন পাওয়া যাবে না।