দুই মাসের মধ্যে নগরের ৬০ কিলোমিটার খাল ও ১০০ কিলোমিটার নালা-নর্দমা খনন ও পরিষ্কার করার কাজ শেষ করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন। অথচ গত অর্থবছরে এর অর্ধেক কাজ আট মাসেও শেষ করা যায়নি। পার্থক্য হচ্ছে, গতবার করপোরেশনের তত্ত্বাবধানে কাজটি হয়েছিল। এবার দ্রুত কাজটি শেষ করতে ঠিকাদারদের ওপর ভরসা রাখছে সিটি করপোরেশন। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, খননকাজের সাফল্য-ব্যর্থতার ওপর আগামী বর্ষায় চট্টগ্রামে ‘জলাবদ্ধতা’ কেমন হবে, তা অনেকাংশে নির্ভর করছে।
করপোরেশনের প্রকৌশল বিভাগ জানায়, এবার নগরের ১৪৪ কিলোমিটার দৈর্ঘ্যের খালের মধ্যে প্রায় ৬০ কিলোমিটার এবং ৪৮০ কিলোমিটার নালা-নর্দমার মধ্যে ১০০ কিলোমিটার খনন ও পরিষ্কার করা হবে। এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নগরের খাল ও নালা-নর্দমা খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। গত অর্থবছরে (২০১৪-১৫) ৪৫ কিলোমিটার খাল ও ২২ কিলোমিটার নালা-নর্দমা থেকে মাটি উত্তোলন করা হয়েছিল।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ প্রথম আলোকে বলেন, খাল ও নালা-নর্দমা খননের কাজটি সেপ্টেম্বর-অক্টোবরের দিকে শুরু করা উচিত ছিল। বর্ষা মৌসুম শুরুর আগে এ কাজ শেষ করা কঠিন হয়ে পড়বে। এর প্রভাব সামনের মৌসুমে অবশ্যই পড়বে।
অবশ্য সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সম্প্রতি তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের দুই মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। এবার আগের চেয়ে বেশি পরিমাণে খাল ও নালা-নর্দমা খনন করা হবে। ফলে জলাবদ্ধতার দুর্ভোগ গতবারের তুলনায় অনেকটাই কমবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে খাল খননের কাজ করপোরেশন দরপত্রের মাধ্যমে ঠিকাদার দিয়ে করবে। এর আগে এ কাজে অর্থ লুটপাট হওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হয়েছে। লুটপাট বন্ধ করতে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে খাল ও নালা-নর্দমা খননের কাজ শুরু হয়। প্রতিবছর অন্তত পাঁচ-ছয় মাস ধরে চলে এই কার্যক্রম। গত অর্থবছরে এ কাজ আট মাস ধরে চলে, কিন্তু তারপরও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি। গত বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে অন্তত ১৫ দিন জলাবদ্ধতার কারণে কার্যত অচল ছিল চট্টগ্রাম। টানা এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই নগরের নিচু এলাকার সড়ক, বাসাবাড়ি আর ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যায়।
গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চাক্তাই খালের চকবাজার এলাকার ফুলতলায় গিয়ে দেখা যায়, খালের মধ্যে একটি খননযন্ত্র রাখা হয়েছে। তবে খনন কার্যক্রম তখন বন্ধ ছিল। রাতে খননকাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলী। সেখান থেকে তিন কিলোমিটার দূরে চাক্তাই খালের বউবাজারের বাদামতলী মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি খননযন্ত্র দিয়ে খালের এক পাশ খনন করা হচ্ছে। তবে খনন করা মাটি খালেরই আরেক পাশে রাখা হচ্ছে। এই মাটি পরে ট্রাকে করে সরিয়ে নেওয়া হবে বলে জানান ঠিকাদার নাজিমুল হক। তিনি প্রথম আলোকে বলেন, খালের এই অংশের বর্তমান গভীরতা ৬ ফুট। খননের পর এর গভীরতা হবে ১০ ফুট। সিটি করপোরেশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে দাবি করেন তিনি।
চাক্তাই খালের মাস্টারপোল অংশে খননকাজের দায়িত্ব পাওয়া ঠিকাদার মো. আবদুল্লা আল টিটু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি একটি খননযন্ত্র দিয়ে খাল থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করেছেন। কিছুদিন পর আরও একটি খননযন্ত্র যুক্ত করা হবে এই কার্যক্রমে।
সিটি করপোরেশন প্রকৌশল বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে নগরের খাল ও নালা-নর্দমা খননের জন্য ১৬৩টি প্রকল্পের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় হবে। গত বছর খাল ও নালা খননের কাজে ব্যয় হয়েছিল ৬ কোটি ৩০ লাখ টাকা।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, খাল খননে এবার ব্যয় হবে ৯ কোটি ৭৫ লাখ টাকা। নালা-নর্দমা পরিষ্কার করতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা। গত অর্থবছরে খাল খননে ৫ কোটি টাকা এবং নালা-নর্দমা পরিষ্কারে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয় হয়। তবে গত বছর কাজের পরিমাণও কম ছিল।
এ বিষয়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তি থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে চাইলে সিটি করপোরেশনের উচিত হবে এখন থেকেই ঠিকাদারদের কার্যক্রম কঠোরভাবে তদারক করা।