জলাবদ্ধতা থেকে মুক্ত হলো আড়াই হাজার হেক্টর জমি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে জলাবদ্ধতা থেকে মুক্ত হলো দুইটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার হেক্টর আবাদি জমি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার সোনাখাড়া ও ধুবিল ইউনিয়নের মালতিনগরসহ নয়টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কারণ হিসেবে জানা যায়, এলাকার প্রভাবশালী আমিনুল ইসলাম, সাইফুল ইসলামসহ ছয়-সাতজন পাশাপাশি চারটি কালভার্ট মাটি দিয়ে ভরাট করে মাছ চাষ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান না করতে পেরে এলাকাবাসী রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বরাবর আবেদন করে।
গতকাল সোমবার বিকেল চারটার দিকে ইউএনও ইকবাল আখতার সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পান। তাঁর নির্দেশে তাৎক্ষণিকভাবে চারটি কালভার্টের মুখ খুলে দেওয়া হয়। এতে জলাবদ্ধ জমি থেকে পানি নেমে যেতে শুরু করে। এ সময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তাঁদের সঙ্গে ছিলেন।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, এখন এসব জমিতে ধান চাষ করা সম্ভব হবে।