জলাবদ্ধতা থেকে মুক্তি চায় চারঘাট পৌরবাসী
রাজশাহীর চারঘাট পৌরসভার বয়স এক যুগ পার হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি পায়নি পৌরবাসী। একটু বৃষ্টি হলেই চারঘাট বাজারের রাস্তাঘাট ও নর্দমার ময়লা পানিতে ভেসে যায়। আবার আর্সেনিকোসিসে ইতিমধ্যে চারজন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও অর্ধশতাধিক। এই অবস্থায় নির্বাচনকে সামনে রেখে চারঘাট পৌরবাসীর দাবি, জলাবদ্ধতা থেকে মুক্তি ও মাত্রাতিরিক্ত আর্সেনিকমুক্ত পানি সরবরাহ।চারঘাট উপজেলার চারঘাট ও সরদহ ইউনিয়নের একটি অংশ নিয়ে ১৯৯৮ সালে চারঘাট পৌরসভা গঠন করা হয়। শুরুতে এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। ১৯৯৯ সালের ২৫ ফেব্রুয়ারি প্রথম নির্বাচনে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৪ সালে দ্বিতীয় নির্বাচনে আনোয়ার হোসেন বিএনপির সমর্থিত প্রার্থী বিকুল আলীর কাছে হেরে যান। ইতিমধ্যে চারঘাট পৌরসভায় একটি অধুনিক ভবন হয়েছে। কিছু রাস্তাঘাট ও নালা হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন পরিষদে থাকলেও তাঁরা এ সুবিধা পেতেন। চারঘাট বাজারের ব্যবসায়ী আবদুল আলীম (৪৫) বলেন, পৌর এলাকার কোনো রাস্তায় আজ পর্যন্ত একটিও বাতি নেই। পৌরসভার উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না। চারঘাট বাজারের মুচি দীলিপ কুমার (৩৫) বলেন, ‘এক পশলা বৃষ্টি হলেই সব নর্দমা ডুবে যায়। বসে কাজ করার কোনো জায়গা পাওয়া যায় না।’ পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম স্বীকার করলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। কিছু কিছু বাড়িঘরেও পানি উঠে যায়। পৌর এলাকার মিঞাপুর মহল্লার খোরশেদ আলী (৪০) বলেন, পৌর এলাকার বেশ কয়েকটি এলাকায় পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। এই পানি পানে আর্সেনিকোসিসে আক্রান্ত হয়ে তাঁর স্ত্রী ফেরদৌসী মারা গেছেন। এ ছাড়া তাঁর প্রতিবেশী পিঞ্জিরা, মেয়ে শোধনা ও নবাব আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। নাগরিকদের এসব দাবির বিষয়ে পৌর নির্বাচনে মেয়র পদে আগ্রহী প্রার্থী নার্গিস খাতুন বলেন, নির্বাচিত হলে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য তিনি উদ্যোগ নেবেন। বর্তমান মেয়র বিকুল আলী বলেন, আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য একটি প্লান্ট বসানো হয়েছে। সেখান থেকে নিজ খরচে পাইপ বসাতে হবে। পৌরসভা থেকে লাইন বসিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই।