জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে পিছিয়ে পড়বে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল আলম
মাহবুবুল আলম

প্রথম আলো: জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কী কী সমস্যা হচ্ছে?

মাহবুবুল আলম: জলাবদ্ধতায় নাগরিকদের দুর্ভোগের পাশাপাশি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন। প্রতি বর্ষা মৌসুমে পাইকারি ব্যবসাকেন্দ্র চাক্তাই, খাতুনগঞ্জ ও আছদগঞ্জে বহু ব্যবসাপ্রতিষ্ঠানে পানি উঠছে। গত ১২ ও ১৩ জুন দুই দিন বহু প্রতিষ্ঠানে পানি উঠে ভোগ্যপণ্য নষ্ট হয়েছে। ২০০৭ সালের পর থেকে এ অবস্থা প্রকট হয়েছে। হিসাব করা হলে এই ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

প্রথম আলো: এই সমস্যানতুনবিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে?

মাহবুবুল আলম: ব্যবসা, বন্দরের কারণে বিনিয়োগের জন্যও আকর্ষণীয় স্থান চট্টগ্রাম। কিন্তু জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে পিছিয়ে পড়বে চট্টগ্রাম। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামে বিনিয়োগে অনাগ্রহ তৈরি হবে।

প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে মেয়ররা কার্যকর ভূমিকা রাখতে পারছেন কি?

মাহবুবুল আলম: জলাবদ্ধতা নিরসনে অনেকগুলো সংস্থার সমন্বিত পদক্ষেপ দরকার। সব সংস্থার সমন্বিত পদক্ষেপ না নিলে শুধু মেয়রের পক্ষে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়। এ কারণে কাউকে দোষারোপ না করে বৃহত্তর স্বার্থে কীভাবে জলাবদ্ধতা নিরসন করা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।

প্রথম আলো: কী করা দরকার বলে মনে করেন?

মাহবুবুল আলম: জলাবদ্ধতা নিরসন করে চট্টগ্রামকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, জলাবদ্ধতা নিরসনে সরকারের আশু হস্তক্ষেপ চাই। বিশেষ বরাদ্দ দিয়ে হলেও এই নগরকে জলাবদ্ধতার অভিশাপ থেকে রক্ষা করতে হবে। কারণ, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

মাহবুবুল আলম: সভাপতি, চট্টগ্রাম চেম্বার

সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ