জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরের খালগুলো পুনঃখনন, সড়কের পাশে বিদ্যমান নালাগুলো নিয়মিত পরিষ্কার রাখা, নতুন নালা নির্মাণ, খালের দুপাশে প্রতিরোধ দেয়ালসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া জরুরি। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনে ড্রেনেজ বিভাগ চালু করতে হবে। ‘চট্টগ্রামের জলজট ও জলাবদ্ধতা নিরসনে স্যুয়ারেজ ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব পরামর্শ দেন।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার হলে এ সেমিনারের আয়োজন করে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম নামের একটি সংগঠন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল।
সেমিনারে চট্টগ্রাম ওয়াসার চট্টগ্রাম নগরের খসড়া ড্রেনেজ ও স্যুয়ারেজ মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় এই মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান গ্রন্টমি এই খসড়া মহাপরিকল্পনা তৈরি করেছে। মূল প্রবন্ধ উপস্থাপনকারী দুজনই এই মহাপরিকল্পনা প্রণয়নের সঙ্গে যুক্ত।
মূল প্রবন্ধে বলা হয়, নগরের জলাবদ্ধতা নিরসনে রাস্তার পাশে ১০০ কিলোমিটারের বেশি নালা নির্মাণ করতে হবে। খালের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণ করতে হবে ৮৬ কিলোমিটার। খাল খনন করতে হবে দেড় শ কিলোমিটার। এ ছাড়া কালভার্ট ও সেতুর নিচ থেকে বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইন অপসারণ করতে হবে।
সেমিনারে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জলাবদ্ধতা সমস্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। ব্যয়বহুল ও কঠিন সমস্যা হলেও তা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় চট্টগ্রাম শহর একসময় পানির নিচে অবস্থান করবে। তিনি বলেন, ওয়াসার মহাপরিকল্পনা প্রণয়নের আগে চট্টগ্রাম নগরের জনসংখ্যার সঠিক হিসাব নির্ধারণ করতে হবে। এ সংখ্যা কখনো ২৮ লাখ বলা হয়, আবার কখনো বলা হয় ৬০ লাখ। তাই নগরের প্রকৃত জনসংখ্যা নির্ধারণ করে মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। অন্যথায় তা একসময় ভেস্তে যাবে।
ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি রাজীব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য রফিকুল আলম, সাবেক উপাচার্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ, চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক মো. হযরত আলী, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ প্রমুখ।