জলাবদ্ধতা দূর করতে সড়ক কেটেছে গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে প্রবল বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। গ্রামগুলোর জলাবদ্ধতা দূর করতে গতকাল শুক্রবার দুপুরে গ্রামবাসী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি সড়ক কেটে পানি অপসারণ করেছে। গতকাল সকাল ১০টার দিকে গ্রামের কয়েক শ বাসিন্দা মঠবাড়িয়া-সাপলেজা সড়কের সাপলেজা বাজার এলাকায় কাছারিবাড়ি খালের মোহনার বাঁধ কাটা শুরু করে। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে নারীরা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনগণের তাড়া খেয়ে ফিরে আসে। সড়ক কেটে ফেলায় মঠবাড়িয়ার সঙ্গে সাপলেজার ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার বলেন, বাঁধের কারণে ছয় গ্রামের ২০-২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। জনগণ তাদের প্রয়োজনে বাঁধ (সড়ক) কেটেছে।