চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। ওয়ার্ডের বেশির ভাগ এলাকাই উঁচু-নিচু। এতে অল্প বৃষ্টিতেই নিচু অংশগুলোতে পানি জমে যায়। তাই জলাবদ্ধতা দূর করাই এবার সিটি করপোরেশন নির্বাচনে এই ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর প্রধান প্রতিশ্রুতি।
এ ছাড়া যানজট এ ওয়ার্ডের আরেকটি সমস্যা। ওয়ার্ডের বেশির ভাগ রাস্তাই সরু। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট লেগে থাকে।
বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিনও জলাবদ্ধতা ও যানজটকে প্রধান সমস্যা মনে করেন। টানা ১৫ বছর ধরে কাউন্সিলর পদে থাকা গিয়াস উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘জলাবদ্ধতার কারণগুলো চিহ্নিত করেছি। গত পাঁচ বছরে অনেকগুলো কালভার্ট করার ফলে এ ওয়ার্ডে বৃষ্টির পর দ্রুত পানি নেমে যেতে পারছে। এবার নির্বাচিত হলে ওয়ার্ডটিকে জলাবদ্ধতামুক্ত করতে পারব বলে আমার বিশ্বাস। আর সিটি করপোরেশনের এককভাবে যানজট দূর করার সামর্থ্য নেই। এর জন্য অনেকগুলো সংস্থার মধ্যে সমন্বয় করতে হবে।’
জিইসি, ওয়াসার মোড়, সিআরবি, এম এ আজিজ স্টেডিয়াম, সার্কিট হাউস, কাজীর দেউড়ি, প্রবর্তক মোড়ের একাংশ, বাদশা মিয়া চৌধুরী রোড, সার্সন রোড, চট্টেশ্বরী রোড, জেলা শিল্পকলা একাডেমী, ষোলশহর ২ নম্বর গেট, ব্যাটারি গলি, মেহেদীবাগ এলাকা নিয়ে এ ওয়ার্ড গঠিত।
অল্প বৃষ্টিতেই পানি উঠে যায় বাগমনিরাম মসজিদ গলিতে। এ এলাকার বাসিন্দা মাহবুবা আক্তার বলেন, ‘নালাগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না। অল্প বৃষ্টি হলেই পুরো রাস্তা নোংরা পানিতে ভরে যায়। বর্ষার সময়ে সন্তানদের স্কুলে পাঠানোই বড় সমস্যা হয়ে ওঠে। এ ছাড়া রাস্তার ওপর সব সময় আবর্জনা পড়ে থাকে।’
কাজীর দেউড়ি ১ নম্বর গলির বাসিন্দা টিপু দাশ বলেন, ‘আমার এলাকার রাস্তাঘাট ভালো। তবে খুব একটা পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। গলিতে সড়ক বাতি নেই। তাই রাতে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগি।’ মেহেদীবাগের বাসিন্দা আনোয়ারুল করিমের অভিযোগ, এলাকায় হাঁটার জন্য কোনো ফুটপাত নেই।
এ বিষয়ে কাউন্সিলর গিয়াস উদ্দিন বলেন, ‘এলাকার সব আবাসিক এলাকাই পরিষ্কার-পরিচ্ছন্ন। শুধু মূল সড়কগুলোতে আবর্জনা আছে। আর ওই আবর্জনা সরানোর দায়িত্ব মেয়রের। আর ওয়ার্ডের অনেক রাস্তা সরু হওয়ায় নর্দমা পরিষ্কারের স্বার্থে সেসব এলাকার স্ল্যাব তুলে রাখতে হয়েছে। ফলে ফুটপাত রাখা যায়নি।’
বাগমনিরাম ওয়ার্ডে ভোটারসংখ্যা ৩৩ হাজার ৪১০ জন। গতবার এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন সাতজন। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মাত্র দুজন। এঁদের একজন আওয়ামী লীগ-সমর্থিত পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও আরেকজন বিএনপি-সমর্থিত চৌধুরী সায়েফুদ্দিন রাশেদ সিদ্দিকী। গিয়াস উদ্দিনের প্রতীক ঘুড়ি। আর চৌধুরী সায়েফুদ্দিন রাশেদের প্রতীক মিষ্টি কুমড়া।
গত নির্বাচনে ভোটের দিক দিয়ে গিয়াস উদ্দিনের চেয়ে অনেক পিছিয়ে ছিলেন সায়েফুদ্দিন রাশেদ। তবে এবার জেতার বিষয়ে আশাবাদী তিনি। সায়েফুদ্দিন রাশেদ প্রথম আলোকে বলেন, ‘গতবার আমি নির্বাচনে নতুন ছিলাম। তাই অনেক হিসাব বুঝিনি। টানা তিনবারের কাউন্সিলর ওয়ার্ডের বেশির ভাগ সমস্যার সমাধান করতে পারেননি। আর আমি নির্বাচিত না হয়েও এলাকাবাসীর পাশে ছিলাম। তাই ভোটাররা এবার আমার সঙ্গেই আছেন।’
অন্যদিকে গিয়াসউদ্দিন বলেন, ‘এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে আমার কোনো প্রতিদ্বন্দ্বী আছে বলে আমি মনে করি না। গতবার রাশেদ জামানত হারিয়েছিল। এবারও সেটির পুনরাবৃত্তি হবে বলে মনে হচ্ছে। আমি এলাকাবাসীর সঙ্গে ছিলাম, থাকব।’