জলাবদ্ধতা দূর করার দাবিতে মেয়রের বাড়ি ঘেরাও
জলাবদ্ধতা দূর করার দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রংপুর শহরের গণেশপুর এলাকার কয়েক শ নারী-পুরুষ মুন্সিপাড়ায় পৌরসভার মেয়রের বাড়ি ও পৌর কার্যালয় ঘেরাও করেছেন। মেয়র বাড়িতে না থাকায় বিক্ষোভকারী মিছিল নিয়ে পৌরসভার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ করতে আসা গণেশপুর এলাকার গৃহিণী রোকসানা পারভিন বলেন, ‘আমাদের এই এলাকায় পানি জমে জলাবদ্ধতা দীর্ঘদিনের। তা ছাড়া বর্ষা আসার সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে এই জলাবদ্ধতা এখন বেড়ে গেছে। এ ব্যাপারে পৌরসভার মেয়রকে এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন-নিবেদন করতে করতে আমরা হয়রান হয়ে পড়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ এলাকাবাসী আজিজার রহমান ও আশরাফ হোসেন জানান, সেখানকার তিনটি সড়কে সব সময় পানি জমে থাকে। প্রায় দেড় শ বাড়ির আঙিনায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখানে কোনো নালা নির্মাণ করা হয়নি। কয়েক বছর ধরে পৌর মেয়রের কাছে জলাবদ্ধতা দূর করার দাবি করা হচ্ছে। কিন্তু তিনি শুধু আশ্বাস দিয়েছেন, কোনো কাজ করেননি। তাই বাধ্য হয়ে এবার দলমতনির্বিশেষে রাজপথে নামতে হলো। পৌর মেয়র সরেজমিনে গিয়ে এ সমস্যার সমাধানের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন। পৌর মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, এই এলাকার জলাবদ্ধতা দূর করতে পাইপ বসানোর কাজ করা হবে।