জলাবদ্ধতা দূরীকরণে জোয়ারাধার চালুর দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গতকাল সোমবার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে সমাবেশ হয়েছে। সমাবেশে ভবদহ অঞ্চলকে স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে অবিলম্বে বিল কপালিয়ায় জোয়ারাধার (টাইডেল রিভার ম্যানেজমেন্ট-টিআরএম) চালুর দাবি জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পীর মোহাম্মাদ মোল্যা। বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, মনিরামপুর উপজেলার আহ্বায়ক গাজী আবদুল হামিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, ভবদহ কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি এ বি এম শফিকুল ইসলাম, পায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আলম, পায়রাহাট ইউনাইটেড কলেজের প্রভাষক শেখ সাদী, কৃষক আমিন উদ্দীন মোড়ল, নাসির উদ্দীন, জহির উদ্দীন, মাসুদ হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জোয়ারাধার ছাড়া ভবদহ অঞ্চলের আসন্ন জলাবদ্ধতার স্থায়ী সমাধানের কোনো বিকল্প নেই। বর্তমানে এলাকার কোনো বিলে জোয়ারাধার কার্যকর না থাকায় সাগর থেকে জোয়ারের সঙ্গে আসা পলিতে শ্রী, হরি, টেকা ও মুক্তেশ্বরী নদী ব্যাপক হারে ভরাট হচ্ছে। অবিলম্বে বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে জেলার অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন স্থায়ী জলাবদ্ধতার শিকার হবে। প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে বিল কপালিয়ায় জোয়ারাধার চালু করতে বাধ্য করা হবে বলে সমাবেশে বক্তারা হুমকি দেন।