জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিএনডি বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা দ্রুত ও স্থায়ীভাবে নিরসন এবং খাল-জলাশয় দখলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান, সিপিবির নেতা বিমল কান্তি দাস, নুরুল ইসলাম প্রমুখ।

হাফিজুল ইসলাম বলেন, ডিএনডি এলাকায় বসবাসকারী ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও হাঁটু থেকে কোমরপানি উঠে যায়। পানিতে বাড়িঘর, রাস্তাঘাট, শিল্প-কারখানা, স্কুল-কলেজ তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। অনেকে বাড়িঘর ফেলে ডিএনডি বাঁধের বাইরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করে। পানিপ্রবাহের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপর্যয় চরম মাত্রায় পৌঁছেছে। ডিএনডির পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ দখল ছাড়াও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

নিখিল দাস বলেন, ডিএনডি এলাকায় পানি নিষ্কাশনের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ৫১ বছরের পুরোনো পাম্প হাউস আছে। সেই পাম্পগুলো দিয়ে পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনো শুরুই হয়নি। দ্রুত প্রকল্পের কাজ শুরুর দাবি জানিয়ে তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে সিপিবি-বাসদ ১৭ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে মিছিল করবে।