
মৌলভীবাজারের কাউয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষার দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল শনিবার হাওরপাড়ের রাজনগর উপজেলার কাশিমপুর এলাকায় এই কর্মসূচির আয়োজন করে মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদ।
গতকাল দুপুরে আয়োজিত সমাবেশে হাওরপাড়ের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ। মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের সদস্যসচিব ও ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নকুল চন্দ্র দাশের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার ও সাধারণ সম্পাদক নেছার আহমদ, মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের সমন্বয়কারী সরওয়ার আহমদ, ফতেহপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য জেসমিন বেগম, ফতেহপুর ইউপি সদস্য অমর দাস, জাহিদপুরের হরিপদ দাস ও আমির মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার আলমগীর হোসেন, কৃষক জয়নাল মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে ছয়-সাত বছর ধরে কাউয়াদীঘি হাওর এলাকার কৃষকেরা কোনো ফসলই ঘরে তুলতে পারছেন না। কাউয়াদীঘি হাওরের বাড়তি পানি বের করে দেওয়ার জন্য কাশিমপুর এলাকায় যে পাম্প হাউস স্থাপন করা হয়েছে, তা এখন অকার্যকর। হাওরাঞ্চলের পানির সমীক্ষার মাধ্যমে নতুন এবং কার্যকর পাম্প হাউস স্থাপন করতে হবে। বছরের পর বছর ফসল হারিয়ে হাওরাঞ্চলের কৃষকেরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে হাওরাঞ্চলের মানুষ মনু প্রকল্পের বাঁধ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বাধ্য হবে।
মনু প্রকল্প ও হাওর রক্ষা সমন্বয় পরিষদের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ বলেন, আশির দশকের শুরুতে কাউয়াদীঘি হাওর এলাকার রাজনগর ও মৌলভীবাজার সদরের ১১টি ইউনিয়নকে মনু নদের সৃষ্ট বন্যা থেকে রক্ষা ও বোরো মৌসুমে অকাল বন্যা থেকে হাওরের ফসল বাঁচানোর লক্ষ্যে মনু প্রকল্প করা হয়েছিল। কিন্তু প্রকল্পের পানিনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি থাকায় কৃষকেরা সে সুফল পাচ্ছেন না। তাই কৃষক বাঁচাতে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। বর্তমান পাম্প হাউসের মতো না করে বাস্তবসম্মত পাম্প হাউস স্থাপন করতে হবে। প্রকল্পের নামে লুটপাট করা যাবে না। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাহিদপুর গ্রামের কৃষক হরিপদ দাস বলেন, ‘এ পাম্প হাউসে আর কোনো উপকার হবে না। এক কিয়ার (বিঘা) জমিতে ফসল ফলাতে চার-পাঁচ হাজার টাকা খরচ লাগে। পানিতে তলিয়ে যাওয়ায় ছয়-সাত বছর ধরে আমরা কিছুই পাই না।’