জলাবদ্ধতা নিরসন হলেও ময়লার স্তূপ সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁও আইডিবি সড়কের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সামনে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগীদের l ছবি: প্রথম আলো
আগারগাঁও আইডিবি সড়কের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সামনে আবর্জনার স্তূপ। দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাতে হয় সেবা নিতে আসা রোগীদের l ছবি: প্রথম আলো

এক বছর আগে জায়গাটি ডোবার মতো ছিল। বৃষ্টি ছাড়াও ময়লা পানি আটকে থাকত। হাঁটাচলা করা যেত না। মনুষ্যবর্জ্য পড়ে থাকত। সড়কে হাঁস চরে বেড়াত। ময়লা-আবর্জনা পানিতে মিশে দুর্গন্ধ ছড়াত। এখন সেটা পরিষ্কার। ডোবা নেই, দুর্গন্ধ নেই। নির্বিঘ্নে চলাচল করছে পথচারী ও যানবাহন।
আগারগাঁও আইডিবি সড়কের শেষ অংশের চিত্রটি এখন এমন। প্রশস্ত সড়ক, কোনো জলাবদ্ধতা নেই। কিন্তু আগারগাঁও ই-ব্লক এলাকার এই সড়কের জলাবদ্ধতা নিরসন হলেও সড়ক থেকে ময়লা-আবর্জনার স্তূপ সরেনি। এটি অনেকের কাছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সড়ক নামেও পরিচিত।
সড়কের জলাবদ্ধতা নিয়ে ২০১৫ সালের ৩১ জুলাই প্রথম আলোয় ‘ওয়াসা-গণপূর্ত ঠেলাঠেলি, বৃষ্টি না হলেও জলাবদ্ধতা কমে না’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। তখন ওই দুই প্রতিষ্ঠান নানা অজুহাতে সড়ক সংস্কারের বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপের কথা জানায়নি। তারই পরিপ্রেক্ষিতে প্রায় নয় মাস পর ওয়াসা পানিনিষ্কাশন পথ সংস্কার করায় সড়কটি জলাবদ্ধতামুক্ত হলো। ই-ব্লক স্বাভাবিক চেহারায় ফিরল।
গতকাল বুধবার সেখানে গিয়ে জানা যায়, চার বছর ধরে সড়কের জলাবদ্ধতা এলাকাবাসীদের প্রচণ্ড ভুগিয়েছে। গত মে মাস থেকে সড়কে আর পানি জমে না। দীর্ঘদিনের যন্ত্রণা ঘুচে গেছে। আগারগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যাওয়ার এই প্রধান সংযোগ সড়কটি এখন পুরোপুরি ব্যবহার উপযোগী।
খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াসার তত্ত্বাবধানে ‘ডেভেলপমেন্ট অব স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেম অ্যাট আগারগাঁও এরিয়া ইন ঢাকা সিটি’ প্রকল্পের অধীনে আগারগাঁও এলাকার কয়েকটি সড়কে পানিনিষ্কাশন পথ সংস্কার করা হয়েছে। সেই কাজের অংশ হিসেবে এ সড়কেও পানিনিষ্কাশন পথ নির্মাণ করা হয়েছে। ই-ব্লকের কোনায় নতুন দুটি ম্যানহোল বসানো হয়েছে। যার মাধ্যমে পানি চলে যাচ্ছে কল্যাণপুরের ‘চ’ খালে।
পানি সরলেও আবর্জনা যাচ্ছে না। দেখা গেছে, সড়কের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সামনে আবর্জনার স্তূপ। তা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়কের উত্তর ও দক্ষিণ পাশে দুই বস্তির লোকজন ও স্থানীয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে ময়লা ফেলছেন। জানা গেছে, প্রায় তিন বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে। ডিএনসিসি অঞ্চল ৫-এর ময়লা সংগ্রহকারীরা নিয়মিত ময়লা সংগ্রহ করছেন না।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুর রহমান সরকার প্রথম আলোকে বলেন, ‘ওখানে আমরা ময়লা ফেলি না। প্রতিষ্ঠানের বর্জ্য আমাদের নিজস্ব কর্মীরা ডিএনসিসি নির্ধারিত স্থানে রেখে আসে। আর হাসপাতালের বর্জ্য নিয়ে যায় প্রিজম ফাউন্ডেশন।’ বিষয়টি জানিয়ে গত মার্চ মাসে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান ডিএনসিসি মেয়র আনিসুল হক বরাবর একটি লিখিত আবেদনপত্র জমা দেয়। তাতে উল্লেখ করা হয়, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা সংগ্রহের পর ভবনের সামনের সড়কে জড়ো করে রাখছেন। ফলে হাসপাতাল ও প্রবীণ নিবাসের পরিবেশ নষ্ট হচ্ছে। সেবা নিতে আসা রোগী ও বসবাসরত ব্যক্তিরা দুর্গন্ধের কারণে কষ্ট পাচ্ছেন।
বিষয়টি জানালে ডিএনসিসি অঞ্চল ৫–এর প্রধান সহকারী বর্জ্য ব্যবস্থাপক বসুদেব সরকার প্রথম আলোকে বলেন, ‘সড়কটি গণপূর্ণ অধিদপ্তরের, আমরা এখনো বুঝে পাইনি। গাড়ির সংকট আছে। ওই এলাকায় একটি গাড়ি ময়লা সংগ্রহের কাজ করে। সব ময়লা একবারে নিয়ে আসা সম্ভব হয় না। দ্রুতই গাড়ির সংকট কাটবে। ওখানে যেন আর ময়লা না ফেলে এবং যেগুলো আছে তা দ্রুত উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করব।’