ডিএনডি বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা দ্রুত ও স্থায়ীভাবে নিরসন এবং জলাবদ্ধতা নিরসনে একনেকে পাস হওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জালকুড়িতে এক সমাবেশে এ দাবি জানান দলগুলোর নেতারা। সমাবেশ শেষে জালকুড়ি, দেলপাড়া ও চিতাশালে বিক্ষোভ মিছিল করেন দুই দলের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সিপিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান।
সমাবেশে নেতারা বলেন, ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনো শুরুই হয়নি। তাঁরা বলেন, বাঁধ এলাকায় একসময় কংস নদ, নলখালী খালসহ ১৮৬ কিলোমিটার খাল ছিল। প্রশাসনের নজরদারি না থাকায় খাল দখল-ভরাট করে স্থাপনা নির্মিত হওয়ায় পানিপ্রবাহের মাধ্যমগুলো বিলুপ্ত হয়েছে।
নেতারা বলেন, ডিএনডি বাঁধ এলাকার পানিনিষ্কাশনের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ৫১ বছরের পুরোনো পাম্প হাউস আছে। সেখানে চারটি মোটরে পানিনিষ্কাশনের ক্ষমতা ছিল ৫১২ কিউসেক। বর্তমানে একটি মোটর নষ্ট। বাকিগুলো পুরোনো হওয়ার কারণে আগের মতো পানি নিষ্কাশন করতে পারে না। এ ছাড়া ২২টি শ্যালো মোটরের ১৭টিই নষ্ট। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা এ ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না।