জলাবদ্ধতা নিরসনে আলাদা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ মোকাবিলায় নতুন একটি বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার বিকেলে করপোরেশনের মাসিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম নগরকে পাঁচটি অঞ্চলে ভাগ করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে সিটি করপোরেশন। নতুন বিভাগ হবে এর অতিরিক্ত। নতুন বিভাগের অধীনে জরুরি ভিত্তিতে যন্ত্রপাতি কিনতে সভায় ২০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে স্কেবেটর (মাটি খননের যন্ত্র), পে-লোডার (মাটি সরানোর যন্ত্র), ট্রাক ও অ্যাম্বুলেন্স। চলতি অর্থবছরেই এসব যন্ত্রপাতি কেনা হবে।বৈঠক শেষে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘দুর্যোগের সময় জনগণকে রক্ষা করতে এবং জলাবদ্ধতা নিরসনে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন পাহাড়ে বসবাসরত লোকজনের জন্য ১৫ গন্ডা জায়গার ওপর একটি সাততলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আগামী মাসেই এই ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে। এই ভবনে ২০০ ফ্ল্যাট নির্মাণ করে ১৫ বছরের সহজ কিস্তিতে বরাদ্দ দেওয়া হবে। নতুন বিভাগ এসব কাজ তদারক করবে।’জানা গেছে, অন্য পাঁচ উন্নয়ন অঞ্চলের মতো নতুন এই বিভাগের দায়িত্বেও থাকবেন একজন নির্বাহী প্রকৌশলী। তাঁর অধীনে থাকবেন দুজন সহকারী প্রকৌশলী। বর্তমান মেয়র প্রথম সাধারণ সভায় জলাবদ্ধতা নিরসনে আলাদা একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করেন। একজন ওয়ার্ড কাউন্সিলর ওই কমিটির সভাপতি এবং একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী সদস্যসচিব।