জলাবদ্ধতা নিরসনে একনেকে তিন প্রকল্প অনুমোদন
রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকার কুড়িল থেকে বালু নদী পর্যন্ত খাল খনন করতে একটি মেগা প্রকল্প নিয়েছে। ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) সঙ্গে সামঞ্জস্য রেখে গৃহীত এই প্রকল্পে ব্যয় হবে ৫ হাজার ৫৩০ কোটি টাকা।
এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলোÑনিকুঞ্জ, বারিধারা, জোয়ার সাহারা, ডিওএইচএস, সেনানিবাস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর ও পাশের এলাকার জলাবদ্ধতা নিরসন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির কনফারেন্স রুমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের
বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, একনেকে খাল খনন প্রকল্পসহ ছয়টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ৮২৫ কোটি টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার দেবে ৬ হাজার ৪১৪ দশমিক ৩৫ কোটি টাকা, সংশ্লিষ্ট সংস্থা দেবে ১৫২ দশমিক ৪০ কোটি টাকা এবং অবশিষ্ট ২ হাজার ৩৫৮ দশমিক ২৫ কোটি টাকা আসবে প্রকল্প সাহায্য থেকে। ছয়টি প্রকল্পের মধ্যে চারটি নতুন এবং দুটি সংশোধিত।
পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ সালের আগস্ট মাস নাগাদ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে ৯৮ দশমিক ৪৬ একর ভূমি অধিগ্রহণ এবং ৭ লাখ ৮৫ হাজার ৫২২ দশমিক ৯৭ কিউবিক মিটার ভূমি খনন।
অন্য প্রকল্পগুলো হলো আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (পূর্ব); বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজারের উন্নয়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত); সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত); নরসিংদীর শিবপুর উপজেলায় শিবপুর বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প এবং কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ প্রকল্প-৩য় পর্যায় (শিলখালী থেকে টেকনাফ)।