চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জলাবদ্ধতার কারণ নির্ণয় ও সমাধানের পথ বের করে আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গতকাল সোমবার সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোখতার আলম, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফার হাসিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামাল ও বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান আলী আশরাফ। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১৯৯৫ সালের নেওয়া মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং তার আলোকে নগরের বিদ্যমান সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।