জলাবদ্ধতা নিরসনে চাই মহাপরিকল্পনা
ঢাকা শহরে ঘণ্টায় ১০-২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা আছে। কিন্তু গত ১১ জুলাই ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া বিদ্যমান নালাগুলো নিয়মিত পরিষ্কার না করা এই জলাবদ্ধতার অন্যতম কারণ। জলাবদ্ধতা নিরসনে দরকার মহাপরিকল্পনা।
গতকাল শনিবার বেলা ১১টায় মৌচাকের একটি বিপণিবিতানের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। এই মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) ১৭টি পরিবেশবাদী ও সমমনা সংগঠন।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং সহসম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, নাসফের সভাপতি হাফিজুর রহমান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, পল্লীমা গ্রিনের সদস্যসচিব আনিসুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস করে বর্তমানে এমন ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং অপরিকল্পিত ও ভারসাম্যহীন।
বক্তারা আরও বলেন, আগে ঢাকা শহরের নিচু এলাকায় খাল-বিল ও নদী-নালা ছিল। তখন শহরে কোনো জলাবদ্ধতা হতো না। কিন্তু বর্তমানে উন্নয়নের জন্য অধিকাংশ নিচু এলাকার খাল-বিল ভরাট করে ফেলা হয়েছে। তাই প্রাকৃতিকভাবে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। লক্ষ-কোটি টাকা দিয়েও সেই সুন্দর প্রাকৃতিক নিষ্কাশনব্যবস্থার বিকল্প তৈরি সম্ভব নয়। তাই এর দায় ঢাকা ওয়াসা, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বহন করতে হবে। বিজ্ঞপ্তি