জলাবদ্ধতা নিরসনে তিন মেয়াদে পদক্ষেপ নেওয়ার সুপারিশ
চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোতে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই নির্মিত হচ্ছে একের পর এক বহুতল ভবন। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে ডুবে যাচ্ছে এসব এলাকা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ‘জলাবদ্ধতা নিরসনে গঠিত বিশেষজ্ঞ কমিটি’ নগরে জলাবদ্ধতা সৃষ্টির জন্য প্রাথমিকভাবে অপরিকল্পিত আবাসনের মতো ছয়টি কারণ চিহ্নিত করেছে। এগুলো দূর করতে তিন মেয়াদে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সেবা-সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে কার্যকর প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা। সম্প্রতি সিডিএর ৪০৩তম বোর্ড সভায় সংস্থার প্রধান প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির দৃষ্টিতে জলাবদ্ধতার অন্য কারণগুলো হচ্ছে ক্রমাগত নালা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা দিয়ে নালা ভরাট, ভবনের নির্মাণসামগ্রী ও পাইলিংয়ের মাটি নালা ও খালে নিক্ষেপ, নগরের নালাগুলো যথাযথ সময়ে পরিষ্কার না করা, বিভিন্ন নালা-খালের ওপর নির্মিত কালভার্টগুলোর ত্রুটিপূর্ণ নকশা এবং নালা ও খালগুলোর সংযোগ মুখ সংকীর্ণ হয়ে যাওয়া।
কমিটির বিশেষজ্ঞ সদস্য নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। সংস্থাগুলোকে এ-সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে নিজ নিজ মন্ত্রণালয় থেকে অর্থ আদায়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।’
সিডিএর নগর পরিকল্পনাবিদ ও কমিটির সদস্যসচিব মো. আবু ঈসা আনছারী বলেন, ‘সম্প্রতি কয়েক দফা টানা বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ছয়টি কারণে এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে আমরা ধারণা করছি। তিন মেয়াদে বাস্তবায়নের জন্য বেশ কিছু সুপারিশ জমা দিয়েছি। তবে এ সমস্যা সম্পূর্ণ সমাধানে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।’ গত ১১ মে এবং ২০ জুন থেকে ২২ জুন পর্যন্ত টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের কালভার্টগুলোর নিচে ওয়াসা, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), বিটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাইপলাইন রয়েছে। এতে বৃষ্টির সময় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। নগরের কাতালগঞ্জ, পাথরঘাটা, কাপাসগোলা, মুরাদপুর, প্রবর্তক মোড় এলাকায় এ সমস্যা প্রকট বলে জানান করপোরেশনের প্রকৌশলীরা।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু ছালেহ বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের জন্য জিইসি মোড়ের বক্স কালভার্টটি পুনর্নির্মাণ করছি। এ কালভার্টের নিচে থাকা ওয়াসা, কেজিডিসিএলের পাইপগুলো সরিয়ে নিয়ে নতুনভাবে স্থাপন করা হচ্ছে।’
মধ্যমেয়াদি সুপারিশগুলোর মধ্যে রয়েছে প্রত্যেক আবাসিক এলাকায় নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নকশা পরিবর্তন করে কালভার্টগুলো পরিকল্পিতভাবে নির্মাণ করা। দীর্ঘমেয়াদি সুপারিশের মধ্যে রয়েছে নগরে নতুন খাল খনন।