জলাবদ্ধতা নিরসনে দরকার নিষ্কাশনব্যবস্থার সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা দূর করতে নালা-নর্দমা, পুকুর, দিঘি, জলাশয়, খাল সংস্কার ও দখলমুক্ত করতে হবে। পাশাপাশি ভবন, সেতু ও রাস্তাঘাট নির্মাণসহ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে নগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুসরণ করা উচিত।গতকাল শনিবার বিকেলে প্রথম আলো আয়োজিত ‘জলাবদ্ধতা সংকটের সমাধান কোন পথে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকেরা এসব পরামর্শ দেন। প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক হয়।প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনে আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রামের সাবেক সভাপতি আলী আশরাফ, পরিকল্পনাবিদ জেরিনা হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি সালাহউদ্দিন হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, কলেজ শিক্ষিকা আনোয়ারা আলম, সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানে আলম ভূঁইয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, কাউন্সিলর রেহানা কবির ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা শাহরিয়ার খালেদ।আলী আশরাফ জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত নগরায়ণকে দায়ী করে বলেন, নগরের নিচু এলাকায় বাড়ি-ঘর-রাস্তা হওয়ায় পানি নিষ্কাশনের পথ থাকছে না। দ্রুত খাল খনন, পুনরুদ্ধার ও সংস্কার করতে হবে। চউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।জেরিনা খান বলেন, নগরে দ্রুত বহুতল ভবন গড়ে উঠছে। খালি জায়গা ও জলাশয় রাখা হচ্ছে না। এ ধরনের অপরিকল্পিত উন্নয়ন চলতে থাকলে জলাবদ্ধতা স্থায়ী রূপ নেবে। নগর পরিকল্পনা ও ভূমির ব্যবহারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে।বিজয় কুমার দাবি করেন, সিটি করপোরেশন এ বছর নালা-নর্দমা পরিষ্কার করায় জলাবদ্ধতা কমেছে। আইনজীবী সালাহউদ্দিন বলেন, পুকুর-নালা ও খাল দখলকারীদের বিরুদ্ধে চউক ও সিটি করপোরেশনকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হবে।শাহীনুল ইসলাম বলেন, ড্যাপ অনুযায়ী উন্নয়ন হচ্ছে না বলে জলাবদ্ধতা প্রকট হচ্ছে। দশমিক পাঁচ একরের বড় কোনো পুকুর বা জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। কেউ জলাশয় ভরাট করে ভবন নির্মাণ করতে চাইলে চউক অনুমোদন দেবে না। শহরিয়ার খালেদ বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আন্তরিক হলে জলাশয় পুনরুদ্ধার সম্ভব। কেবল চাক্তাই নয়, নগরের সব ছোট খাল সংস্কারের ওপর জোর দেন তিনি।পাহাড়ে বাঁধ দিয়ে জলাধার তৈরি ও খালের পাশে হাঁটা পথ (ওয়াকওভার) তৈরির প্রস্তাব দেন রেজাউল করিম। কাউন্সিলর রেহানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জলাশয় দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শিক্ষিকা আনোয়ারা আলম আগ্রাবাদ সিডিএ এলাকার জলাবদ্ধতা নিরসনে মহেশখালের মুখে স্লুইসগেট নির্মাণের দাবি জানান।