জলাবদ্ধতা নিরসনে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান
জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে তাঁদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. মন্জুর আলম। গতকাল শুক্রবার সন্ধ্যায় করপোরেশনের দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও কাউন্সিলরদের চার বছর পূর্তি উপলক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের। বক্তব্য দেন কাউন্সিলর শাহানুর বেগম, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, রাজনীতিবিদ হারুন অর রশীদ চৌধুরী, মো. নুরুজ্জামান প্রমুখ।
সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম বলেন, ‘১৯৯৫ সালে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আমার আগে কেউ এটি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়নি। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর ব্যর্থতার দায়ভার আমাদের সবাইকে নিতে হবে।’
মেয়র প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার নতুন একটি খাল খননের প্রকল্প অনুমোদন দিয়েছে। আশা করি, বাকি প্রকল্পগুলোরও অনুমোদন দেবে।’
সুধী সমাবেশে জানানো হয়, গত চার বছরে এই ওয়ার্ডে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে ৬১টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে।