জলাবদ্ধতা নিরসনে প্রয়োজন সমন্বিত কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার জলাবদ্ধতার সমস্যা নিরসনে ওয়াসা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে ব্যয়বহুল প্রকল্পের ‘আসক্তি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন একটি গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, এ জন্য সমন্বিতভাবে একটি ‘কার্যকর’ ও ‘সময়ভিত্তিক’ কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

গতকাল শনিবার পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আয়োজনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ‘নগরে মহাবিপর্যয়ের পদধ্বনি জলাবদ্ধতা: উন্নয়ন ভাবনা ও কর্তৃপক্ষের দায়’ শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা নিজেদের মতো করে প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে ফেলে। পুরো নগর ও পরিবহন পরিকল্পনার সঙ্গে তা মিলছে কি না, কিংবা একটি আরেকটির জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা বিবেচনায় নেওয়া হয় না।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান বলেন, ঢাকা ও ঢাকার আশপাশের নদী, খাল, জলাশয় ও নিম্নাঞ্চল ভরাট এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এই মহানগরকে বিপর্যয়ের দিকে ধাবিত করছে।

এ অবস্থায় বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন বক্তারা। এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞ ও পরামর্শকদের বাইরে নাগরিক আন্দোলনের নেতাদের যুক্ত করার পরামর্শ দেন তাঁরা।

বৈঠকে ঢাকার প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে পুকুর, খাল ও চিহ্নিত জলাধারগুলো উদ্ধার করে তা সংরক্ষণের সুপারিশ করা হয়। এ ছাড়া রাজধানীর বক্স কালভার্টগুলো ভেঙে ফেলে খালে পরিণত করা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টিকে একটি কার্যকর কাঠামোর মধ্যে আনার সুপারিশও করেন বক্তারা। বিজ্ঞপ্তি