জলাবদ্ধতা নিরসনে সাত দফা দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতিতে চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাক্তাই, আছাদগঞ্জের ব্যবসায়ীদের বড় ভূমিকা রয়েছে। অথচ তাঁরাই সবদিক থেকে বঞ্চিত। বারবার দাবিদাওয়া জানানোর পরও ব্যবসায়ীদের সমস্যার দিকে নজর দেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা ও জোয়ারের জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বৃষ্টি না থাকলেও প্রতি অমাবস্যা-পূর্ণিমায় বিভিন্ন দোকান ও আড়তে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।
গতকাল শনিবার নগরের খাতুনগঞ্জের হাজী হক সুপার মার্কেটের সামনে মানববন্ধনে এসব কথা বলেন ব্যবসায়ীরা। জলাবদ্ধতা নিরসনের জন্য নদী খনন ও স্লুইচ গেট নির্মাণের দাবিতে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কর্ণফুলী নদী ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ স্থাপনা অপসারণ, স্থায়ী পরিকল্পিত প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, পণ্যবাহী ট্রলার ও নৌকা চলাচলের সুবিধা রেখে চাক্তাই খালের মুখে স্লুইচ গেট নির্মাণসহ সাত দফা দাবি জানানো হয়।
পরে ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে স্মারকলিপি দেন। তিনি নিজেও মানববন্ধনে অংশ নেন। মেয়র বলেন, অপরিকল্পিত উন্নয়ন, খাল দখল-ভরাটসহ নানা কারণে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা হচ্ছে। বর্তমান সিটি করপোরেশন উত্তরাধিকার সূত্রে এই সমস্যা পেয়েছে। এক বছর ধরে এই সমস্যা সমাধানে করপোরেশন পরিকল্পিতভাবে এগোচ্ছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় নগরের জলাবদ্ধতা মোকাবিলায় মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।
মেয়র নাছির বলেন, এখন বৃষ্টি নেই, কিন্তু জোয়ারের পানিতে প্রতিদিন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হচ্ছে। শহরে পরিকল্পিত নালা-নর্দমা তৈরি হয়নি, খালগুলো দখল হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সমস্যাগুলোর কারণে প্রতিবছর জলাবদ্ধতা হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন বসে নেই। দায়িত্ব নেওয়ার পর এক বছর ধরে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।
মেয়র বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা সমাধানের জন্য যে অর্থ প্রয়োজন সেই সামর্থ্য সিটি করপোরেশনের নেই। সে কারণে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে অনবরত যোগাযোগ করেছি। মন্ত্রীও রাজি হয়েছেন। এখন চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পানিসম্পদ মন্ত্রণালয় আড়াই থেকে তিন হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নিচ্ছে। এই বছরই প্রকল্প প্রস্তাবটি একনেকে অনুমোদন পাবে বলে আশা করছি।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সোলায়মান বাদশা। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আলমগীর পারভেজ, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, হাজী মীর আহম্মেদ সওদাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু আলম, মিয়াখান নগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইসমাইল খান, চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।