জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর ইউনিয়নের একটি খালের কচুরিপানা পরিষ্কার করে গ্রামের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কয়েকজন তরুণ। গতকাল রোববার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাঁরা খালের কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের সবুজনগর গ্রামের মাঝিবাড়ি থেকে এক কিলোমিটার পর্যন্ত খালে কচুরিপানা জমে থাকায় খালটির নাব্যতা হারিয়ে যায়। সেই সঙ্গে খালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং পানি অপসারণ হতে না পেরে গ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। খালটি পরিষ্কার করতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গ্রামবাসী বারবার ধরনা দিলেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেন।
কৃষক আলমগীর খান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের কাছে গিয়ে তাঁরা খালটি পরিষ্কার করার জন্য বলেন। কিন্তু কোনো কাজ না হওয়ায় তাঁরা নিজেদের উদ্যোগে কাজটি করছেন।
সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘এ খাতে ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ না থাকায় খালটি পরিষ্কার করাতে পারিনি।’