জলাবদ্ধতা নিরসনে ১১টি খাল দখলমুক্ত করা হবে: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরীর জলাবদ্ধতা নিরসনে ১১টি খাল দখলমুক্ত করতে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল রোববার বিকেলে ডিএসসিসির নগর ভবনে এক সভায় মেয়র এ ঘোষণা দেন। ঢাকা জেলা প্রশাসন, ডিএসসিসি ও ঢাকা ওয়াসা যৌথভাবে এই অভিযান পরিচালনা করবে।
সাঈদ খোকন বলেন, ঢাকা শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। অথচ নগরীর আশপাশের খালগুলো অবৈধভাবে দখল হয়ে রয়েছে। ফলে শহরের বৃষ্টির পানি সরতে পারছে না। তাই প্রাথমিকভাবে নন্দীপাড়া ত্রিমোহিনী খাল উদ্ধার ও পরিষ্কার করার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। তিনি বলেন, বর্তমানে ধর্মীয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে খাল ও জলাশয় দখল চলছে। কেউ কেউ খালের ওপর নির্মাণ করছেন বহুতল ভবন। অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। কেউ বাধা দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ওয়াসার এমডি তাকসিম ও ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীন খান বক্তব্য দেন।