জলাবদ্ধতা নিরসনে ৭ দফা দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চাক্তাই–খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা l প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চাক্তাই–খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি, গত বছর জলাবদ্ধতার কারণে তাঁদের শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত চাক্তাই খালপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল খনন শুরু করা এবং খালে বর্জ্য ফেলা বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল বুধবার সকালে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায়।
চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি সোলায়মান বাদশা। তিনি বলেন, গত বছর দফায় দফায় চাক্তাই-খাতুনগঞ্জ এলাকা প্লাবিত হয়েছে। এতে শত কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, চাক্তাই-খাতুনগঞ্জ অবহেলিত। দেশের বৃহৎ এই পাইকারি বাজারের উন্নয়নে কারও মাথাব্যথা নেই। এখানকার ব্যবসায়ীরা এখন অস্তিত্বসংকটে ভুগছেন। বৃষ্টির পানির কারণে জলাবদ্ধতা ছাড়াও কয়েক বছর ধরে জোয়ারের পানিতেও তলিয়ে যাচ্ছে চাক্তাই-খাতুনগঞ্জ। এতে কোটি কোটি টাকার পণ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাবদ্ধতা ও জোয়ারের পানি থেকে এলাকাটিকে রক্ষার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান ব্যবসায়ীরা।
জলাবদ্ধতা দূর করতে কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীতে পরিকল্পিত ড্রেজিং, শহর রক্ষা বাঁধ নির্মাণ, নদীতে বর্জ্য ফেলা বন্ধ, নগর পরিকল্পনাবিদদের পরামর্শমতে পরিকল্পনা গ্রহণ, জোয়ারের পানি ঢোকা বন্ধে বন্দর থেকে নদীপথে পণ্য পরিবহনব্যবস্থা চালু এবং চাক্তাই খাল এলাকায় নদীর পাড়ে একটি ট্রাক টার্মিনাল স্থাপনের দাবি জানান সমিতির নেতারা।
চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাহাবুদ্দিন, সহসভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জায়েদী, সহসাধারণ সম্পাদক মো. আলম, সাংগঠনিক সম্পাদক সজল মুহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।