জলাবদ্ধতা নিরসনের দাবি
কক্সবাজার পৌরসভার বৌদ্ধমন্দির সড়ক এবং শহরের বিভিন্ন নালা পরিষ্কার ও জলাবদ্ধতা দূর করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
এদিকে সমাবেশে আগামী সোমবার একই দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
গতকাল বেলা ১১টা থেকে গোলদীঘিপাড়ে দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রাম বিভাগীয় প্রধান আনোয়ার আলম চৌধুরী, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, গোলদীঘিপাড় উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মনজুর আলম সিকদার, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রিয়তোষ পাল প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড় কাটার মাটি বৃষ্টির পানিতে ভেসে শহরের নালা ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। শহরের বিভিন্ন সড়ক কাদামাটিতে ডুবে থাকলেও পৌরসভা কর্তৃপক্ষের এদিকে কোনো নজর নেই। বক্তারা আরও বলেন, বৌদ্ধমন্দির সড়কের ওপর কাদামাটি জমে থাকার কারণে আশপাশের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
পৌরসভার মেয়র সরওয়ার কামাল বলেন, ‘নির্বাচনের আড়াই বছর পর সম্প্রতি আমরা শপথ নিতে পেরেছি। এত দিন যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরা এই সমস্যা জিইয়ে রাখেন। আমরা ক্ষমতায় এসে শহর আবর্জনা ও জলাবদ্ধতামুক্ত করার চেষ্টা করছি।’