জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
ডিএনডি বাঁধের ভেতরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডিএনডি পাম্পহাউসের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে পাম্পহাউসের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, এম এ মাসুদ বাদল, জামাল উদ্দিন ও মোস্তাক আহমেদ।
মানববন্ধনে বলা হয়, প্রতিবছর সামান্য বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডিএনডি বাঁধের ভেতরে বসবাসকারী ২০ লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ডিএনডি এলাকায় রয়েছে রপ্তানিমুখী পোশাক কারখানাসহ বহু শিল্পপ্রতিষ্ঠান। বাঁধের ভেতরের বিভিন্ন জায়গায় তিন-চার ফুট পর্যন্ত জলাবদ্ধতা থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। রাস্তাঘাট ডুবে থাকায় জনসাধারণের চলাচলে মারাত্মক সংকট হচ্ছে।
মানববন্ধনে আরও বলা হয়, ২০১৬ সালে ডিএনডি বাঁধ এলাকার উন্নয়ন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে একনেকের বৈঠকে ৫৫৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। কিন্তু তা বাস্তবায়নের কাজ এখনো শুরুই হয়নি। বক্তারা দ্রুত অতিরিক্ত পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রকল্পের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।