জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
ঢাকা-নারায়ণগঞ্জ বাঁধের (ডিএনডি) অভ্যন্তরে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত দূর করার দাবিতে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে যৌথভাবে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উন্নয়ন সংগ্রাম কমিটি ও সচেতন যুবসমাজ। সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের পাশে গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।কর্মসূচি চলার সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন যুব সমাজের সভাপতি সাগর প্রধান। বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস, মানবজমিন-এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রুবায়েত হাসান, শহিদ সারোয়ার প্রমুখ। বক্তারা বলেন, ৩২ দশমিক ৮ কিলোমিটার ডিএনডি বাঁধের ভেতর অপরিকল্পিতভাবে বাড়িঘর, শিল্প-কারখানা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। পাশাপাশি পানি নিষ্কাশনের খালগুলোও বেদখল হয়ে গেছে। এ কারণে প্রতিবছরই বর্ষা মৌসুমে ডিএনডির ভেতর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। বক্তারা জলাবদ্ধতা নিরসনে দ্রুত খালগুলো দখলমুক্ত করে পানি নিষ্কাশনে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকের কাছে দাবি জানান।