জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ‘ভবদহ জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি’ নামে একটি সংগঠন গতকাল রোববার দুপুরে শহরে মিছিল-সমাবেশ করেছে। এ দাবিতে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।
কর্মসূচি চলাকালে সংগঠনটির নেতা-কর্মীরা ফারাক্কা বাঁধসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়; ওয়াপদা বাঁধ উচ্ছেদ; নৌপথ চালু; ভৈরব, কপোতাক্ষ, বেতনা, চিত্রাসহ সব নদ-নদী পরিকল্পিতভাবে খনন; ভবদহের জলকপাট (স্লুইসগেট) উচ্ছেদ; ডাকাতিয়া বিলের দিকে প্রবাহিত প্রশাখা মুক্তকরণ; জোয়ারাধারের বিলগুলোতে মাছ ও ধান চাষের ব্যবস্থা; মুক্তেশ্বরী, টেকা, পশুর, হরি, ভদ্রাসহ সব নদীর প্রতিবন্ধকতা উচ্ছেদ; বিল কপালিয়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবি জানান।
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার আগে কালেক্টরেট চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভবদহসহ যশোরের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ সমস্যায় জর্জরিত। সমস্যা সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম-জোয়ারাধার) প্রকল্প চলছে। বিল কেদারিয়া ও বিল খুকশিয়ায় যথাক্রমে তিন ও আট বছর ধরে প্রকল্পটি চলেছে এবং বিল কপালিয়ায় এ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
সমাবেশে কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সরদার, যুগ্ম আহ্বায়ক পরিতোষ দেবনাথ ও কৃষক সংগ্রাম সমিতির হাফিজুর রহমান বক্তৃতা করেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি দেন।