জলাবদ্ধতা রোধে কর্মপরিকল্পনা জানতে চায় মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে নগরের জলাবদ্ধতা নিরসনে ‘সময়াবদ্ধ কর্মপরিকল্পনা’ সম্পর্কে জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে গত ২৫ জুলাই এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়। পরিকল্পনা প্রেরণের জন্য সিটি করপোরেশনকে ১৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এদিকে আগামী এক বছরে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সিটি করপোরেশন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা অপসারণের যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুশাসন (নির্দেশ) প্রদান করেছেন। অনুশাসন অনুযায়ী গৃহীত কার্যক্রম এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের আবশ্যকতা রয়েছে। এ অবস্থায় জলাবদ্ধতা দূরীকরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ১৫ কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত জলাবদ্ধতায় নয়বার তলিয়ে যায় চট্টগ্রাম নগরের অনেক এলাকা। এতে নাগরিক দুর্ভোগের পাশাপাশি দেশের ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের বিভিন্ন গুদাম ও আড়তে পানি ঢুকে পণ্যসামগ্রী নষ্ট হয়।

মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সিটি করপোরেশন। মন্ত্রী ও মন্ত্রণালয়কে তা অবহিত করা হবে।

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে আগামী এক বছরের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে পাঁচটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা আছে বলে জানান করপোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ। চট্টগ্রাম ওয়াসার খসড়া ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী এই পরিকল্পনা নেওয়া হয় বলে তিনি জানান।

বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রামের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় পয়োনিষ্কাশন ও ড্রেনেজ খসড়া মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গত ১১ মে ওয়াসার সঙ্গে সমঝোতা স্মারক চুক্তি করে সিটি করপোরেশন। এই চুক্তি অনুযায়ী সিটি করপোরেশন ড্রেনেজ মহাপরিকল্পনা এবং ওয়াসা পয়োনিষ্কাশন মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

সিটি করপোরেশনের নেওয়া পরিকল্পনার মধ্যে নগরের বিভিন্ন খালের অপরিকল্পিত ও অপ্রশস্তভাবে নির্মিত কালভার্টগুলো প্রশস্ত ও উঁচু করার কথা রয়েছে। ওয়াসার খসড়া ড্রেনেজ মহাপরিকল্পনায় ২১টি কালভার্ট সংস্কার করার কথা বলা হয়। আগামী এক বছরের মধ্যে এসব কালভার্ট চওড়া করা হবে।

এ ছাড়া নগরের খাল ও নালার মধ্যে দিয়ে বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইন প্রবাহিত হয়েছে। অন্তত ১৩৯টি পাইপলাইন যথাযথভাবে স্থাপন করা হয়নি। এসব পাইপের কারণে খাল ও নালা দিয়ে আসা কঠিন বর্জ্য পদার্থ আটকে যায়। এসব পাইপলাইন অপসারণের জন্য সংশ্লিষ্ট সেবা সংস্থার সঙ্গে ৮ আগস্ট বৈঠকে হবে। ওখানেই কবে এবং কোন সংস্থা এসব পাইপ অপসারণ করবে তা নির্ধারিত হবে। 

সিটি করপোরেশনের পরিকল্পনার মধ্যে নগরের ৪১টি ওয়ার্ডকে চারটি অঞ্চলে ভাগ করে ওসব এলাকার প্রধান প্রধান খালগুলো খনন করার কথা রয়েছে। নগরে বর্তমানে ৩৮টি খাল রয়েছে। এ ছাড়া আগামী অক্টোবর থেকে নগরের নালা-নর্দমাগুলো থেকে ময়লা উত্তোলন করা হবে।

জলাবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম নগরের সবগুলো খাল দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। ইতিমধ্যে নগরের চাক্তাই ও মহেশ খালের ওপর অবৈধ স্থাপনা চিহ্নিত করার জন্য দুটি কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর তালিকা ধরে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান  মেয়র। 

ওয়াসার ড্রেনেজ মহাপরিকল্পনার সঙ্গে যুক্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, খসড়া মহাপরিকল্পনার আলোকে সিটি করপোরেশন প্রাথমিকভাবে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়িত হলে জলাবদ্ধতার সমস্যা আংশিক সমাধান হবে। আর সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হলে মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।