জলাবদ্ধতা শেষে নতুন দুর্ভোগ সড়কে কাদা
দুই দিনের বৃষ্টি ও জলাবদ্ধতা শেষে চট্টগ্রামে নতুন করে দুর্ভোগে পড়েছে নগরবাসী। বেশির ভাগ সড়কে কাদা জমে যাওয়ায় যানবাহন চলাচল ও ফুটপাত দিয়ে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে।গতকাল শনিবার বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়কে বাস ও ট্রাক আটকে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া চকবাজার, সিডিএ এভিনিউ, বাকলিয়াসহ নিচু এলাকায় সড়কগুলোতে কাদা জমে যাওয়ায় যান চলাচল ও হাঁটাচলা দায় হয়ে পড়ে।নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট রেলসেতু পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থান গতকাল কর্দমাক্ত হয়ে পড়ে। সেই সঙ্গে সৃষ্টি হয়েছে মাঝারি থেকে বড় আকারের গর্ত। সড়কটি বর্তমানে সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নিয়ম অনুযায়ী কোনো সড়কের উন্নয়নকাজ করার সময় এক পাশে কাজ করে অন্য পাশে যান চলাচলের ব্যবস্থা রাখা হয়। কিন্তু আরাকান সড়কের দুই পাশেই কেটে পাশে মাটি স্তূপ করে রাখা হয়। বৃষ্টির ফলে সেই মাটি সড়কে চলে আসে। তার ওপর দিয়ে যানবাহন চলায় কাদার সৃষ্টি হয়। তা ছাড়া বৃষ্টির কারণে সড়কের পাশে কাটা অংশগুলো ধসে গর্তের সৃষ্টি হয়। গতকাল সকালে কালুরঘাট শিল্প এলাকায় গার্মেন্টসে শ্রমিক নিয়ে আসা বাসগুলো এসব গর্তে পড়ে যায়। পরে যান চলাচল বন্ধ করে এসব গাড়ি সরানো হয়। যাত্রীবাহী বাস ছাড়াও এ সময় ট্রাক এবং বিআরটিসির দ্বিতল বাস গর্তে আটকে যায়।সকালে ওই সড়কে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে এক ফুট থেকে দেড় ফুট কাদা জমে গেছে। এসব কাদা মাড়িয়ে লোকজন কর্মস্থলে যাচ্ছেন। চান্দগাঁও এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নাজমুল হাবিব প্রথম আলোকে বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পাশের মাটি সড়কে চলে আসে। এরপর তার ওপর দিয়ে যানবাহন চলে। এই কাদা মাড়িয়ে যেতে হয় হাজার হাজার গার্মেন্টস কর্মীকে। তাঁদের এ দুর্ভোগ অবর্ণনীয়।আরাকান সড়ক সংস্কারকাজের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বৃষ্টি অনাকাঙ্ক্ষিত। আমরা অনেক দ্রুত কাজ করছিলাম। এখন বৃষ্টির কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেল। তবে কাদা শুকালে আমরা আবার কাজ শুরু করব, যাতে কোরবানির ঈদের আগে অন্তত লোকজন ঠিকমতো বাড়ি যেতে পারে।’চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে যে জলাবদ্ধতার কথা বলা হচ্ছে, তা বেশি সময় স্থায়ী হয়নি। তবে সড়ক পরিষ্কার করার জন্য সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত আছে।