জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর দুই দশকের অবহেলার ফলে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। তবে এটি এখনো সমাধানযোগ্য। এ জন্য যত দ্রুত সম্ভব ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়ন শুরু করতে হবে।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা ও সমাধান’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নাগরিক ফোরাম এ সেমিনারের আয়োজন করে।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান মনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার খালেদ।
সেমিনারে বক্তারা বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বন্দর, পানি উন্নয়ন বোর্ড ও ওয়াসা—এসব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আর এর সমন্বয়ের মূল দায়িত্ব নিতে হবে মেয়রকে।