জলাবদ্ধতা সমস্যার সমাধান চায় পাঁচবিবি পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশনের অব্যবস্থাপনায় বিরক্ত জয়পুরহাটের পাঁচবিবি পৌরবাসী। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো কাজ হয়নি। তাই নির্বাচন সামনে রেখে ভোটারদের প্রধান দাবি, জলাবদ্ধতা সমস্যার সমাধান ও পয়োনিষ্কাশনব্যবস্থায় শৃঙ্খলা নিয়ে আসা।প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ খালেক বলেন, সংস্কারের অভাবে পৌরসভার প্রধান খালটি ভরাট হয়ে বর্ষার পানি রাস্তায় ওঠে। নিচু রাস্তার উত্তর পাশে ব্রিজের সামনে আবর্জনার স্তূপ থাকে সারা বছর। বৃষ্টি হলে ময়লা-আবর্জনা রাস্তায় ছড়িয়ে পড়ে। খালপাড়ের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, এই খালের সংস্কার ও দুর্ভোগের কথা একাধিকবার পৌর কর্তৃপক্ষকে জানিয়েও ফল পাওয়া যায়নি। পাঁচবিবি এলবিপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ বলেন, খালের পানি বর্ষায় স্কুলের মাঠে ওঠে। এতে মাঠ সয়লাব হয়ে যায়। পাঁচবিবি মহিলা কলেজের প্রভাষক মিজানুর রহমান বলেন, নামেই পাঁচবিবি প্রথম শ্রেণীর পৌরসভা। পৌরবাসী বাতির সুবিধা ছাড়া কোনো সুবিধাই পায় না। মুক্তিযোদ্ধা উপজেলা সংসদের কমান্ডার কাইছার রহমান বলেন, ১২ বছর আগে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এবার মেয়র পদে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপির নেতা নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার, জাতীয় পার্টির মনসুর রহমান ও শরিফুল ইসলাম মল্লিক।