জলাবদ্ধতা সমস্যার সমাধানে সময় চাইলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর জলাবদ্ধতা ও আবর্জনার সমস্যার সমাধানে রাজধানীবাসীর কাছে আরও সময় চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র রাজধানীর বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সময় চান। তিনি বলেন, রাজধানীর বেশির ভাগ সমস্যা সমাধান করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা দরকার। নগরবাসীর সচেতনতার ওপরেও জোর দেন ঢাকা উত্তরের এই মেয়র।
আনিসুল হক ঢাকার সমস্যা সমাধানে একটি সমন্বিত ব্যবস্থাপনা দরকার বলে মন্তব্য করেন। তিনি বলেন, শুধু জলাবদ্ধতা সমস্যার সমাধানের সঙ্গে ১৪টি সরকারি সংস্থা জড়িত। যানজট, অবৈধ বিলবোর্ড থেকে শুরু করে যেসব সমস্যা নাগরিকদের কষ্ট দিচ্ছে, তা সমাধান করতে হলে নগর সরকার ধরনের একটি সমন্বিত ব্যবস্থা থাকতে হবে। যারা পুরো কাজটি সমন্বয় করবে।
নগর সরকার চান কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নগর সরকারের কথা শুনলে অনেকে ভাবতে পারেন, সরকারের মধ্যে আবার সরকার কী। এ নিয়ে টেলিভিশনের টক শো ও পত্রিকাগুলোতে বিতর্ক শুরু হয়ে যেতে পারে। আমি চাচ্ছি এমন একটি ব্যবস্থা, যারা সব কটি সংস্থার সমন্বয়ে রাজধানীর পুঞ্জীভূত সমস্যার সমাধান করবে।
ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আনিসুল হক রাজধানীর খালগুলোর চিত্র নিয়ে প্রথম আলোতে (শনিবার) প্রকাশিত ‘উন্নয়নের চাপে খাল সব নালা’ প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, ‘আপনারাই তো লিখেছেন খালগুলোর কী অবস্থা। এগুলোকে সচল করতে না পারলে জলাবদ্ধতা দূর করা যাবে না।’ তিনি বলেন, এসব খালের মালিক জেলা প্রশাসন আর উদ্ধার ও উন্নয়নের দায়িত্বে আছে ওয়াসা। সিটি করপোরেশনের এ ক্ষেত্রে আইনগতভাবে কিছু করার নেই। তবে ঢাকায় জলাবদ্ধতা হলে মানুষ সিটি করপোরেশনকেই দোষ দিচ্ছে।
মেয়র আরও বলেন, ঢাকা শহরে দুই থেকে তিন লাখ গাড়ি চলতে পারে। কিন্তু গাড়ি আছে ১১ লাখ। এই গাড়ির অনুমতি দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা করে ট্রাফিক পুলিশ।
রাজধানীর তেজগাঁওয়ের অবৈধ ট্রাকস্ট্যান্ড সরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘ট্রাকমালিক ও চালকদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। আমার এখতিয়ার নেই। তারপরও তাঁদের সঙ্গে কথা বলেছি। অনেক মাস্তান সেখানে দোকান খুলে বসে আছে। ওই মাস্তানদের দূর করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।’
আনিসুল হক বলেন, ‘ট্রাকস্ট্যান্ড করার জন্য কৃষি মন্ত্রণালয়ের কাছ থেকে আমিনবাজারে জমি চাওয়া হয়েছে। এ বিষয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সঙ্গে দেখা করেছি। অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রীদের সঙ্গে নিয়মিত কথা বলছি। তাঁরা সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। আশা করি সিটি করপোরেশনের এখতিয়ারের বাইরের অনেক সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।’
উত্তরের মেয়র বলেন, রাজধানীর কারওয়ান বাজার উঠিয়ে দেওয়া হচ্ছে। ওই বাজারটিকে যাত্রাবাড়ী, আমিনবাজার ও মহাখালীতে সিটি করপোরেশন নির্মিত বাজারে স্থানান্তর করা হবে। এ ব্যাপারে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা রাজিও হয়েছেন।
রাজধানী থেকে হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমাদের এ কথাও মাথায় রাখতে হবে, হকারদের ওপরে রাজধানীর অনেক অধিবাসীর জীবন ও জীবিকা নির্ভর করে। সে জন্য আমরা ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ অনুষ্ঠানের শুরুতে ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন স্বাগত বক্তব্য দেন। ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন তাঁর বক্তব্যে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধে মেয়রের সহযোগিতা চান।
এ ব্যাপারে কথা বলতে গিয়ে আনিসুল হক সাগর-রুনি হত্যার বিচারের পক্ষে নিজের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, ‘আপনারা থাকতে এই বিচার কেন হচ্ছে না? নিশ্চয়ই এখানে সমস্যা আছে। আমিও এই হত্যার বিচার চাই।’
আইসিটি আইনের ৫৭ ধারায় সাংবাদিকদের পুলিশ যেকোনো স্থান থেকে গ্রেপ্তার করতে পারে—উল্লেখ করে ডিআরইউর সভাপতি এটি বাতিলের ব্যাপারে মেয়রের সমর্থন চান। উত্তরে আনিসুল হক বলেন, ‘যাঁরা এসব আইন তৈরি করেন, তাঁরা ওপরের মহলকে ভুল বোঝান। আলো-আঁধারে থেকে অনেক সময় সবকিছু ঠিকমতো বোঝা যায় না।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের মনে রাখা উচিত, সাংবাদিকেরা দিন শেষে সরকারের দোষ-ত্রুটি তুলে ধরে সহযোগিতাই করেন।’