জলাবদ্ধতা সমাধানে সরকার বিজ্ঞানীদের দিকে তাকিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াফেস ওসমান।  ফাইল ছবি
ইয়াফেস ওসমান। ফাইল ছবি

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞানীদের সবচেয়ে বেশি সাপোর্টার (সমর্থক)। বৃষ্টির পানির সমস্যা সমাধানের জন্য তাই এই সরকার বিজ্ঞানীদের দিকে তাকিয়ে আছে।

আজ রোববার সকালে ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বৈজ্ঞানিক এক সম্মেলনে ইয়াফেস ওসমান এ কথা বলেন। পানি সুরক্ষা ও মানবিষয়ক ‘সিম্পোজিয়াম অন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ফর সিকিউরিং ওয়াটার কোয়ালিটি’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান পরিষদ (বিসিএসআইআর)।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘আজকে পানি কিন্তু আমাদের ও রকম একটা জায়গায় নিয়ে এসেছে। এ রকম একটা কষ্ট বা দুঃখ আছে বলেই একটা সমাধান বেরোবে। এখন যদি আমরা (বিজ্ঞানীরা) কিছু দিতে না পারি; তাহলে মাথা তুলে রাখা তো দূরের কথা, কেউ তাকাবেই না। এখন পর্যন্ত যা সমাধান এসেছে, তা তো বিজ্ঞানীরাই করেছেন। আমার ধারণা, বিজ্ঞানীরা চেষ্টা করলে পারবেন।’

এক দিনব্যাপী এই সম্মেলনে পানি সুরক্ষার জন্য পরিবেশগত রসায়নবিষয়ক ৮৯টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই সম্মেলনে দুই শতাধিক বিজ্ঞানী ও গবেষক উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতির বক্তব্যে বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, টেকসই উন্নয়নের ছয় নম্বর লক্ষ্যমাত্রা—সবার জন্য পানি আর পয়ঃস্বাস্থ্যব্যবস্থার (স্যানিটেশন) প্রাপ্যতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সম্মেলনটি গুরুত্বপূর্ণ। এতে বিজ্ঞানীরা ও গবেষকেরা পানিদূষণ, পরিশোধন, বর্জ্য পানির ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে কথা বলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা এমন একটা সময় পার করছি, যখন খাবার পানি কমেই যাচ্ছে। শিল্পায়ন, অপরিকল্পিত নগরায়ণ আর বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ ক্রমেই দূষিত হচ্ছে। পুরো পৃথিবীর মাত্র ২ শতাংশ পানি খাওয়ার উপযোগী। আর এর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের ‘গ্রিন ওয়াটার সিস্টেম বা প্রযুক্তির কথা ভাবতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন সম্মেলনে বলেন, পানির একটি পরিবেশ রসায়ন আছে। কদিন আগে শহরে প্রচুর পানি হয়েছিল। চারদিকে পানি ছিল, তবু খাবার পানি ছিল না এক ফোঁটাও। এই অবস্থা থেকে বের হতে ঢাকার নদী ও খাল বিলগুলো উদ্ধার করার বিকল্প নেই। আর বিজ্ঞানীরাই পারে গবেষণা করে এই সমস্যার সমাধান বের করতে।