জলাবদ্ধতা সৃষ্টির অপরাধে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকায় গতকাল বুধবার আবদুল মোমিন নামের এক পুকুর মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুকুর কেটে জলাবদ্ধতা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ যৌথভাবে আদালত পরিচালনা করেন। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, মৌখাড়ার আবদুল মোমিন পানি নিষ্কাশনের নালা বন্ধ করে একটি পুকুর খনন করেন। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রতিবেশীদের বাড়ি ও ফসলের জমি তলিয়ে যায়। এ ব্যাপারে এলাকাবাসী মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও ওই বিকেলে সহকারী কমিশনারকে সেখানে পাঠান।
সহকারী কমিশনার ঘটনার সত্যতা পেয়ে পুকুরের পাড় কেটে পানি বের করার নির্দেশ দেন। কিন্তু পুকুর মালিক তাতে বাধা দেন। এরপর তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আবদুল মোমিন জরিমানার টাকা পরিশোধ না করায় তাঁকে কারাগারে পাঠানো হয়।