
সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৭ নম্বর ওয়ার্ডের নাজিমুদ্দিন রোড ও উমেশ দত্ত রোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে নাজিমুদ্দিন রোড ও এর সংযোগ সরু গলিগুলোতে দিনভর লেগে থাকে তীব্র যানজট, কিন্তু তা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনাও নেই।
চানখাঁরপুল, হোসেনি দালান রোড, অরফানেজ রোড, কমল দাহ রোড, নাজিমুদ্দিন রোড (হোল্ডিং নম্বর ১-১২৪), গিরদা উর্দু রোড, জয়নাগ রোড, বকশীবাজার রোড, বকশীবাজার লেন, তাঁতখানা লেন, উমেশ দত্ত রোড, নবাববাগিচা, নূর ফাতা লেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকেশ্বরী মন্দির, পলাশী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এসব এলাকায় ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৭ হাজার। এই এলাকাটি ডিএসসিসির অঞ্চল-৩-এর আওতাধীন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে চানখাঁরপুল চৌরাস্তা পর্যন্ত ১০ ফুট প্রস্থের সড়কটির নাম নাজিমুদ্দিন রোড। কারাগার এলাকায় এই রোডের বৃষ্টির পানি অপসারণে সড়কের পূর্ব পাশে আছে একটি ছোট নালা। এই নালাও মাটি ও বালুতে ভরা। এ ছাড়া কারাগারের উত্তর-পূর্ব কোণ থেকে চানখাঁরপুল পর্যন্ত সড়কের দুপাশে নালা থাকলেও এলাকাটি তুলনামূলক নিচু। তাই এই নালা দিয়ে বৃষ্টি হলে পানি তেমন সরে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নাজিমুদ্দিন রোডের বাসিন্দা আনোয়ার পারভেজ অভিযোগ করে বলেন, এক যুগ ধরে সামান্য বৃষ্টিতেই এই রোডে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি হয়। এতে আশপাশের বাসাবাড়ি এবং ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যায়। এই পানি সরতে চার থেকে পাঁচ দিনও সময় লাগে। নাজিমুদ্দিন রোডের সঙ্গে যুক্ত আশপাশের গলিগুলোতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এই ওয়ার্ডের নাগরিকদের জনদুর্ভোগ পোহাতে হয়। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বকশীবাজারের ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগারি হলের পূর্ব-উত্তর কোণ থেকে কারা অধিদপ্তরের সামনে পর্যন্ত সড়কটির নাম উমেশ দত্ত রোড। এই রোডের দুপাশে বৃষ্টির পানি অপসারণে নালা আছে, কিন্তু নালার মুখগুলোতে মাটি ও বালু জমে আছে। নালাও মাটিতে ভরে গেছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর সূত্র। বৃষ্টি হলে এই রোডেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ৫ জুলাই উমেশ দত্ত রোড ও নাজিমুদ্দিন রোডে প্রায় হাঁটুসমান পানি জমে থাকতে দেখা গেছে।
২০১৫ সালের ২৪ আগস্ট উমেশ দত্ত রোড সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে কারা অধিদপ্তর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালের বরাবর আবেদন করেছিল। কারা উপ মহাপরিদর্শক (সদর দপ্তর) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এই আবেদনে বলা হয়, উমেশ দত্ত রোডটি অনেক নিচু। সামান্য বৃষ্টি হলেই অধিদপ্তরের সামনে হাঁটুসমান ও এর চেয়ে বেশি পানি জমে। এই পানি সরতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগে। অথচ এই রোডে কারা অধিদপ্তরসহ ড. শহীদুল্লাহ্ কলেজ, নবকুমার ইনস্টিটিউশন, ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রাথমিক বিদ্যালয়, আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালত রয়েছে। এতে এই পথে চলাচলে সবাইকে দুর্ভোগে পড়তে হয়। তাই সড়কটি উঁচু করা দরকার। কিন্তু সড়কের জলাবদ্ধতা নিরসন ও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে গত বছরের ১৯ জুন আবার সিটি করপোরেশনকে চিঠি দেয় কারা অধিদপ্তর। গতকাল পর্যন্ত এই সড়কে কোনো কাজ হয়নি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে উত্তর-পূর্ব কোণ পর্যন্ত সড়কটির প্রস্থ ১০ ফুট। কিন্তু এই কোণ থেকে আল্লামা কাশগারি হল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটির প্রস্থ মাত্র সাত ফুট। এ ছাড়া কারাগারের দক্ষিণ পাশে নাজিমুদ্দিন রোডের আরেক অংশ ও চকবাজার-বেগমবাজারের প্রস্থও কম। এতে দিনের বেলায় এই সড়কে পিকআপ বা ব্যক্তিগত গাড়ি ঢুকলেই তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। এই যানজট আশপাশের গলিগুলোতেও ছড়িয়ে যায়, কিন্তু তা নিরসনে কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। কারাগারের প্রধান ফটকে দুজন কমিউনিটি পুলিশকে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।
নাজিমুদ্দিন রোডের বাসিন্দা মো. ফয়সাল বলেন, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই রোডে যানজটের সৃষ্টি হয়। যানজট তীব্র আকার ধারণ করলে তা নিরসনে দু-একজন পুলিশকে কাজ করতে দেখা যায়। স্থায়ীভাবে এই যানজট নিরসন করতে হলে সড়ক প্রশস্ত করার বিকল্প নেই।
জয়নাগ রোডের পূর্ব পাশে আছে দোতলাবিশিষ্ট হাজি গোলাম মোর্শেদ কমিউনিটি সেন্টার। কিন্তু কমিউনিটি সেন্টারের ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে। রান্নাঘর অনেক নোংরা। কমিউনিটি সেন্টারে দেয়ালের বিভিন্ন অংশের রং ও পলেস্তারা খসে পড়ছে। তিনটি পাখায় ধুলাবালু জমে আছে। বাতি আছে মাত্র চারটি। কিন্তু কমিউনিটি সেন্টারের ভেতরে কোনো নিরাপত্তাকর্মীকে পাওয়া যায়নি।
ডিএসসিসির অঞ্চল-৩-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, পৃথক দুটি ভবন নিয়ে এই কমিউনিটি সেন্টার তৈরি করা হয়েছে। ইতিমধ্যে একটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বর্তমানে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত ভবনটিও ঝুঁকিপূর্ণ। তাই নাগরিকেরা এখানে অনুষ্ঠান করতে চান না। গত জুন মাসে মাত্র চারটি অনুষ্ঠান হয়েছে, জুলাইয়ে সাতটি।