জলাবদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) ২০১৩-১৪ অর্থবছরের ১১০৬ কোটি ৩০ লাখ সাত হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটে উন্নয়ন অনুদান বাবদ ৫৭১ কোটি এবং বকেয়া ও অভিকর বাবদ আয় দেখানো হয়েছে ২০২ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিসিসি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এম মন্জুর আলম। একই সঙ্গে করপোরেশনের ২০১২-২০১৩ সালের ৪২৫ কোটি ৫২ লাখ দুই হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। ওই অর্থবছরে মোট ৯৬০ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছিলেন।২০১৩-১৪ অর্থ বছরের বাজেটে নিজস্ব উৎসে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ৫০৭ কোটি ১০ লাখ টাকা এবং ত্রাণ সাহায্য, উন্নয়ন অনুদান ও অন্যান্য উৎসে আয় দেখানো হয় ৫৯৯ কোটি ২০ লাখ টাকা। বাজেটে সর্বোচ্চ ৫৪৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে উন্নয়ন কাজে, যার মধ্যে নগরের জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্প কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৪৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতা খাতে। এ ছাড়া প্রস্তাবিত বাজেটে আয় খাতে হালকর ১১৬ কোটি টাকা, অন্যান্য কর বাবদ প্রায় ৮২ কোটি টাকা এবং সম্পদ থেকে অর্জিত ভাড়া ধরা হয়েছে ৫০ কোটি ৬০ লাখ টাকা। ব্যয় খাতে বিদ্যুৎ-পানি-জ্বালানি বাবদ ৩৪ কোটি ৭০ লাখ, বকেয়া দেনা ৮৬ কোটি ৬০ লাখ টাকা দেখানো হয়। বাজেট বক্তব্যে সিটি মেয়র মন্জুর আলম বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে করপোরেশন গত বছর প্রাথমিক পর্যায়ে বেশকিছু কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনের জন্য ২৯৭ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট বাড়ইপাড়া খাল থেকে বলিরহাট পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ নতুন খাল খনন এবং কর্ণফুলী নদীর সঙ্গে বিভিন্ন খালের মুখে ১৫ কোটি টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণ করা হবে বলে জানান মেয়র। বাজেট ঘোষণার সময় সিসিসির অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহিরুল আলম দোভাষ, সচিব মো. শামসুদ্দোহাসহ ওয়ার্ড কাউন্সিলর ও বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।