জলাবদ্ধতায় গৃহবন্দী দেড় হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের আউটার স্টেডিয়াম এলাকায় জলাবদ্ধতার কারণে গৃহবন্দী হয়ে পড়েছে প্রায় দেড় হাজার পরিবার। নতুন করে জেলা স্টেডিয়ামের নির্মাণকাজে দুটি পুকুর ভরাটের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। জেলা ক্রীড়া সংস্থা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১৬ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়। নির্মাণকাজে স্টেডিয়ামের ওই দুটি পুকুরকে গাড়ি পার্কিংয়ের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। দুই মাস আগে পুকুর দুটি ভরাটের কাজ শেষ হয়। স্থানীয় কয়েকজন জানান, আগে এলাকার বৃষ্টির পানি ছোট কয়েকটি নালা দিয়ে পুকুর এসে জমত। পরে পুকুর থেকে সেই পানি পৌরসভার বড় নালা দিয়ে নদীতে গিয়ে পড়ত। কিন্তু বর্তমানে পুকুর দুটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বৃষ্টি না থাকলেও এলাকাটি জলাবদ্ধ হয়ে থাকে। কষ্ট করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ওই পথে চলাচল করতে হচ্ছে। রহিমা আক্তার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন জমে থাকায় পানি দূষিত হয়ে যায়। রোদ উঠলে দুর্গন্ধ ছড়ায়। পৌরসভার মেয়র ইকরামুল হক বলেন, স্থায়ী সমাধান করতে একটু সময় লাগবে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী বলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে আন্তর্জাতিকমানের স্টেডিয়ামের জন্য পার্কিংয়ের জায়গা রাখতেই পুকুর দুটি ভরাট করা হয়েছে। তবে জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হচ্ছে।