জলাবদ্ধতায় তালার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবিটি  গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
টানা বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলার রাঢ়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে গতকাল শনিবার সাতক্ষীরার তালা উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়।
আগামী সোমবার বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু বিদ্যালয়গুলোতে পানি ওঠায় পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা নিয়ে রয়েছে সংশয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক জানান, ইতিমধ্যে উপজেলার রাঢ়িপাড়া, সমনডাঙ্গা, খাড়াইল, উত্তর ঘোনা, মাঝিয়াড়া, পশ্চিম খেসরা সোনাবাদ, আলাদীপুর কাঠবুনিয়া, টিকারামপুরসহ ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। বিদ্যালয়গুলোর ভেতরে ও বাইরে তিন থেকে সাত ফুটের মতো পানি। সোমবার থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু। কিন্তু আবহাওয়া বৈরী থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে (ইউএনও) আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
সরেজমিনে গতকাল উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, সেখানে প্রায় তিন ফুটের মতো পানি জমেছে। স্থানীয় কয়েকজন ও শিক্ষার্থী মিলে পাশের একটি ভবনে বেঞ্চ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা চৌধুরী জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁদের বিদ্যালয় জলাবদ্ধ হয়ে পড়েছে। কিছুদিন ধরে তাঁরা পাশের বাজারের একটি দোকানে পাঠদান করছিলেন। আবহাওয়া খারাপ হওয়ার কারণে উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে শনিবার (গতকাল) পাঠদান বন্ধ রাখতে বলা হয়েছে। আগামীকাল সোমবার থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। কীভাবে ও কোথায় পরীক্ষা নেওয়া হবে তা তিনি বুঝে উঠতে পারছেন না। এদিকে পানিতেভিজে বিদ্যালয়ের আসবাব নষ্ট হয়ে যাচ্ছে।
ধানদিয়া ইউনিয়নের সমনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মুঠোফোনে জানান, তাঁদের বিদ্যালয়ের ভেতরে ও বাইরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় পাঠদান চলেছে। তবে শনিবার পাঠদান বন্ধ ছিল।
খেসরা ইউনিয়নের ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলশী দাস ও কলাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুবিন্দু বিশ্বাস জানান, বিদ্যালয়ের চত্বরে ও বারান্দায় পানি জমেছে। এ অবস্থায় পাঠদান করেছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে গতকাল ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান গতকাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়া এ রকম থাকলে বিদ্যালয় পুরোপুরি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।