জলাবদ্ধতায় পটুয়াখালীর ৪৩৭ হেক্টরের আমন বীজতলা নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় কোমেন-এর প্রভাবে সৃষ্ট জোয়ার ও অতিবর্ষণে পটুয়াখালী জেলার আট উপজেলায় ৪৩৭ হেক্টর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকেরা আমনের আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
সরেজমিনে গত মঙ্গলবার সদর উপজেলার বাদুরা গ্রাম ও কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের আজিম উদ্দিন গ্রামে দেখা যায়, শত শত হেক্টর ফসলি জমি পানিতে প্লাবিত হয়েছে। এতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় পচে নষ্ট হয়ে হচ্ছে আমন বীজতলা।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ২ লাখ ২৬৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মৌসুমের শুরুতেই কৃষকেরা ১৬ হাজার ৮৭৭ হেক্টর জমিতে বীজতলা করেন। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে জলাবদ্ধ হয়ে পড়ে ৭ হাজার ৮৮৯ হেক্টর আমন বীজতলা। এর মধ্যে ৪৩৭ হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে সদর উপজেলায় ১১০ হেক্টর, কলাপাড়ায় ৩৮, বাউফলে ৭০, গলাচিপায় ৯৮, রাঙ্গাবালীতে ৫১, দশমিনায় ৩৫, মির্জাগঞ্জে ২০ ও দুমকিতে ১৫ হেক্টর বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়েছে।
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ মিয়া বলেন, বর্ষায় শুধু তাঁদের এলাকার অন্তত পাঁচ হাজার কৃষকের কয়েক হাজার একর জমি পানিতে ডুবে রয়েছে। আমনের বীজতলা পচে গেছে। কারও ঘরে এখন বাড়তি বীজ নেই।
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা গ্রামের কৃষক আবদুল রাজ্জাক বলেন, জলাবদ্ধতার কারণে আমন আবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। আবাদের মৌসুম শুরু হলেও চারা পাওয়া যাচ্ছে না। নতুন করে বীজতলা করতে হবে, তা না হলে উত্তরাঞ্চল থেকে চারা সংগ্রহ করতে হবে।
জানতে চাইলে কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান বলেন, জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকদের নাবি জাত ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। পানি সরে গেলে কৃষকদের স্থানীয় জাতের আমান আবাদের পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার শর্মা বলেন, খেত থেকে পানি নেমে যাচ্ছে। ইতিমধ্যে কৃষকেরা আমন আবাদ শুরু করে দিয়েছেন।
অশোক কুমার শর্মা আরও বলেন, অতিবৃষ্টির কারণে কিছু বীজতলা নষ্ট হয়েছে, তবে তাতে আমন চারার কোনো সংকট হবে না। কারণ, চাহিদার চেয়ে বেশি বীজতলা করা হয়েছিল।