জলাবদ্ধতায় বাস্তুচ্যুত ২৫ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাবদ্ধতায় ডুবে আছে পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার বাড়িঘর। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
জলাবদ্ধতায় ডুবে আছে পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার বাড়িঘর। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

কয়েক দিনের বর্ষণে পাবনার বেড়া পৌর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেকের বাড়িঘরে এখন নোংরা পানি। এই অবস্থায় পৌর এলাকার অন্তত ২৫টি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ ছাড়া নোংরা পানির মধ্যে চরম দুর্ভোগে দিন কাটছে আরও অন্তত ২০০ পরিবারের।
পৌরবাসী সূত্র জানায়, বেড়া পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নীত হওয়ার পর প্রায় ১০ বছর পার হলেও এখন পর্যন্ত সুষ্ঠু পানিনিষ্কাশনব্যবস্থা গড়ে ওঠেনি। এ কারণে বর্ষা মৌসুম এলেই পৌর এলাকার অনেকটা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর।
সরেজমিনে দেখা গেছে, শেখপাড়া, বনগ্রাম, চরপাড়া, সান্যালপাড়া, শাহপাড়া, হাতিগাড়া, বরশিলা, মৈত্রবাঁধা, জোড়দহসহ বেশ কয়েকটি মহল্লাতেই পানি জমে আছে। জলাবদ্ধতার কারণে অনেকের বাড়ির উঠোনে এমনকি ঘরের ভেতরেও জমে রয়েছে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। বাড়ি থেকে বের হওয়ার রাস্তাগুলোও ডুবে রয়েছে। এই অবস্থায় বিভিন্ন মহল্লার অন্তত ২৫টি পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে আশপাশের অন্য কারও বাড়িতে।
শেখপাড়া মহল্লায় গিয়ে দেখা যায়, আজগার আলী, রবিউল ইসলাম ও সাকের আলীর বসতঘরের বেশ খানিকটা পানিতে তলিয়ে আছে। এ তিনটি পরিবার সাত-আট দিন ধরে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়ে আছে।
আজগার আলী বলেন, ‘বাড়িতে যাওয়া-আসার রাস্তায় সাঁতার পানি। আবার ঘরের ভেতরেও হাঁটুপানি। এই অবস্থায় বাড়িতে বাস করার মতো উপায় না থাকায় এ মহল্লারই আরেক বাড়িত যায়া আশ্রয় নিছি। পানি নাইম্যা না যাওয়া পর্যন্ত ঘরে ফেরার উপায় নাই।’
মৈত্রবাঁধা মহল্লার নূরু বেগম বলেন, ‘আমার বাড়িসহ এই পাড়ায় একসঙ্গে সাত-আট বাড়িতে পানি। আমার যাওয়ার জায়গা নাই দেইখ্যা এই পচা পানির মধ্যে পইড়্যা আছি। তবে আমার পাশের দুই বাড়ির লোকজন বাড়িঘর ছাইড়্যা আত্মীয় বাড়িত যায়া উঠিছে।’
এদিকে ঘুরে দেখা গেছে, কয়েকটি মহল্লার দুই শতাধিক পরিবারের বাড়ির উঠোনে কিংবা রাস্তায় পানি জমে আছে। জমে থাকা পানি পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবারগুলোর লোকজন কর্দমাক্ত নোংরা পানির মধ্য দিয়ে যাতায়াত করছে। এ ছাড়া জলাবদ্ধতার কারণে অনেকের বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
মৈত্রবাঁধা মহল্লার রঙ্গীলা খাতুন জানান, তাঁর বাড়ির উঠোনে ও রাস্তায় নোংরা পানি। দুদিন দিন আগে ঘরেও পানি ছিল। উঠোন ও রাস্তার নোংরা পানিতে যাতায়াত করতে হয় বলে তাঁর বাড়ির সবার শরীরেই চর্মরোগ দেখা দিয়েছে। রঙ্গীলা খাতুনের মতো একই সমস্যার কথা জানান মৈত্রবাঁধা মহল্লার পেয়ারা খাতুন, ফুলমালা খাতুন, শেখপাড়া মহল্লার রেখা খাতুনসহ ১০ থেকে ১২ জন পৌরবাসী।
এদিকে পৌরবাসীর অভিযোগ, বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভেতরে অবস্থিত হওয়ায় বেড়া পৌরসভা পুরোপুরি বন্যামুক্ত। এর পরেও প্রতিবছর বর্ষা মৌসুমে পৌরবাসীকে একধরনের বন্যা মোকাবিলা করতে হয়। পৌর কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।
এ ব্যাপারে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ ব্যাপারে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও আমরা পেয়েছি। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় কর্মকাণ্ড শুরু হবে বলে আশা করছি।’