জলাবদ্ধতায় ভোগান্তি খুলনা নগরবাসীর
ভারী বর্ষণের কারণে খুলনা নগরের অধিকাংশ এলাকায় গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জলাবদ্ধতা দেখা দেয়। রাস্তাঘাট, স্কুল-কলেজ ও অফিস পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, নগরের রয়্যাল মোড়, শিববাড়ীর মোড়, পিটিআই মোড়, পশ্চিম বানিয়াখামার এলাকা, আহসান আহমেদ সড়ক, শান্তিধামের মোড়, রূপসার মোড়, সাতরাস্তার মোড়, শামসুর রহমান সড়ক, পূর্ববানিয়া খামার, টুটপাড়া, খালিশপুর মিল এলাকা পানিতে তলিয়ে গেছে। পানির কারণে অ্যাম্বুলেন্স ও জরুরি ওষুধ পরিবহনের গাড়িসহ কয়েকটি যানবাহন পানির মধ্যে চলতে গিয়ে বিকল হয়ে রাস্তার মাঝে আটকে আছে। লোকজন পানিতে ভিজে চলাচল করছে। নগরের সংযোগ সড়ক, আশপাশের বাইপাস সড়ক ও বস্তিগুলো পানিতে তলিয়ে গেছে।
প্রাইভেট কারের চালক মো. হাফিজ বলেন, ‘রাস্তায় পানি জমে থাকায় ঠিকমতো গাড়ি চালানো যায় না। পানির মধ্যে গাড়ি চালালে নষ্ট হয়ে যায়। রাস্তার মাঝে গাড়ি বিকল হয়ে পড়ায় এখন বিপদে পড়েছি।’
রয়্যালের মোড়ে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আতিয়ার হোসেন বলেন, ‘মেয়র নির্বাচনের সময় প্রত্যেক প্রার্থী নগরের জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচিত হলে তা আর রক্ষা করা হয় না।’
সেন্ট জোসেফ স্কুলের ছাত্র মনির হোসেন বলে, ‘একটু বৃষ্টি হলে রাস্তায় হাঁটুপানি হয়ে যায়। স্কুলে আসতে হলে জামা-প্যান্ট সব ভিজে যায়। ভেজা কাপড়ে ক্লাস করতে হয়। এ কারণে বৃষ্টি হলে সাধারণত স্কুলে আসি না।’
নগরের মিস্ত্রিপাড়া বস্তির বাসিন্দা খাদিজা বেগম বলেন, ‘এটটু বৃষ্টি হলি ঘরে থাকতি পারি নে। ঘর ডুবে যায়। মাঝেমধ্যে লোক আইসে দেহে কিন্তু তারপর আর খোঁজ থায়ে না।’
নবনির্বাচিত মেয়র মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি তো দায়িত্ব পাই নাই। দায়িত্ব পেলে জলাবদ্ধতা সমস্যার সমাধান করব।’
আবহাওয়া অধিদপ্তর খুলনার উপপরিচালক আমিরুল আজাদ জানান, সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর ও সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।