জলাবদ্ধতার কবলে তালার সাড়ে ছয় হাজার হেক্টর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় জলাবদ্ধতার কারণে জমিতে বোরো ধান লাগাতে পারছেন না কৃষকেরা। বাধ্য হয়ে কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি সেচে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম বলেন, উপজেলায় ৬ হাজার ৫০০ হেক্টর জমি জলাবদ্ধতার মুখে পড়েছে। তবে কৃষকেরা নিজ উদ্যোগে সেচ দিয়ে অধিকাংশ জমিতে বোরো আবাদ করার চেষ্টা করছেন। পানিনিষ্কাশন না হলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জলাবদ্ধ এলাকার বিলের পানি যদি সেচ বা পাম্পের মাধ্যমে জরুরি ভিত্তিতে নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, তা হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো চাষাবাদ হতে পারে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, কপোতাক্ষ নদ নাব্যতা হারানো ফলে উজানের পানি ও বৃষ্টিতে উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ এলাকা ৮-১০ বছর ধরে প্লাবিত হচ্ছে। স্থায়ী জলাবদ্ধতায় খলিলনগর, ইসলামকাটি, তেঁতুলিয়া, সরুলিয়া ও জালালপুর ইউনিয়নের অধিকাংশ জমিতে আমন ধান চাষ করা যায়নি। এ ছাড়া তালা সদর, কুমিরা ও খলিশখালি ইউনিয়নের একাংশেও একই কারণে চাষ হয়নি।
গত সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কপোতাক্ষ অববাহিকার ২৫-৩০টি বিল এখনো পানিতে তলিয়ে আছে। কপোতাক্ষ নদ দিয়ে পানিনিষ্কাশন না হওয়ায় বিলগুলো জলাবদ্ধ হয়ে রয়েছে। এর মধ্যে উপজেলার ইসলামকাটি, ঘোনা, ডেমশাখোলা, বারাত, মোহনা, কলিয়া, দেওয়ানীপাড়া, সুভাষিনী, লক্ষ্মণপুর, মির্জাপুর, কেসমতঘোনা, কাজীডাঙ্গাসহ ১৫টি গ্রামের বিলে বোরো চাষ এখনো শুরু হয়নি। বোরো চাষ করতে কৃষকেরা শ্যালো মেশিন দিয়ে বিলের পানিনিষ্কাশন করার চেষ্টা চালাচ্ছেন। উপজেলার পাটকেলঘাটা সড়কের ইসলামকাটি সেতুর পাশে ১৬টি শ্যালো মেশিন দিয়ে দিন-রাত পানি সেচের কাজ চলছে।
কেসমতঘোনা গ্রামের কৃষক আকবর আলী বলেন, ‘ধারদেনা করে কোনোমতে জীবন চলতেছে। আমনের আবাদ করতি পারিনি। বোরো মার খেলি বাঁচপো কী করে। এ জন্যি দিন-রাত খাটতেছি।’
ইসলামকাটি গ্রামের হাফিজুর রহমান বলেন, প্রতিবছরের ছয় মাস তাঁদের পানির সঙ্গে লড়াই করতে হয়। এবারও অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে।
ইসলামকাটির ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জি এম সিদ্দিকুর রহমান বলেন, ইসলামকাটি বিলে তাঁদের পাঁচ বিঘা জমি আছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে ওই জমিতে আমন ধান চাষ করতে পারেননি। নিজেদের উদ্যোগে এবার পানি সেচে বোরো আবাদ করার চেষ্টা করছেন।
জালালপুর ইউপির চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, তাঁর ইউনিয়নের কানাইদিয়া, কালাপাড়িয়া বিল, দুধলিয়া বিলসহ সাতটি বিল আছে। পানি সেচ দিয়ে কৃষকেরা সেখানে বোরো আবাদ করার চেষ্টা চালাচ্ছেন। তাঁদের বিঘাপ্রতি খরচ পড়ছে দেড় হাজার টাকা।
পানি সেচকাজে নিয়োজিত শ্রমিক জিয়াউর রহমান বলেন, ১৫টি গ্রামের বিলের পানি তাঁরা নিষ্কাশন করছেন। পানি সেচ শেষ হতে এখনো কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে।