জলাবদ্ধতার কারণে ফসলি জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং ও সিরাজদিখান উপজেলায় খননযন্ত্র দিয়ে কৃষিজমির পাশাপাশি খাল ও নালা ভরাট করা হচ্ছে। এতে দুই উপজেলার অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে চলতি রবি মৌসুমের ফসলের আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষক ও স্থানীয় লোকজন জানান, প্রায় ২০ হাজার হেক্টর জমি থেকে পানি না নামায় ওই সব এলাকার কৃষকেরা চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ইতিমধ্যে রবি মৌসুম শুরু হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে আলু চাষ শুরু হবে। কিন্তু লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের কমপক্ষে ৪৫টি গ্রামের এবং সিরাজদিখান উপজেলার কমপক্ষে ২০টি গ্রামের কৃষিজমি থেকে পানি এখনো নামেনি।
জলাবদ্ধ এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার-পাঁচ বছর ধরেই ওই সব এলাকায় খননযন্ত্র দিয়ে কৃষিজমি ভরাট করা হচ্ছিল। কিন্তু এক-দেড় বছর ধরে অপরিকল্পিতভাবে খননযন্ত্র বসিয়ে কৃষিজমির পাশাপাশি খাল ও নালার মুখ ভরাট করার প্রবণতা শুরু হয়েছে। এ কারণে বর্তমানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার জমি থেকে পানি না সরায় জমি অনাবাদি পড়ে আছে। তাঁরা আরও জানান, পানিনিষ্কাশনের ব্যবস্থা না করলে এসব গ্রামের রবি ফসলের আবাদ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নওপাড়া গ্রামের কৃষক সবজল ব্যাপারী জানান, বাসাবাড়ি নির্মাণের জন্য লোকজন আশপাশের কৃষিজমি ভরাটের পাশাপাশি খাল-নালা, পুকুরও ভরাট করে ফেলছে। অনেক স্থানে খালের মুখ ভরাট করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সিরাজদিখান উপজেলার জৈনসার গ্রামের আলাউদ্দিন মিয়া জানান, আবাসন প্রতিষ্ঠানগুলো কৃষিজমি কিনে সেই জমি খননযন্ত্র দিয়ে ভরাট করতে গিয়ে পাশের খাল, নালা ও পুকুর পর্যন্ত ভরাট করে ফেলছে। এসব কারণে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে।
সিরাজদিখানের ডহরী গ্রামের কৃষক ফজল আহমেদ বলেন, ‘চলতি রবি মৌসুমের আলু চাষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন জমি তৈরির কাজ শুরু করার কথা। কিন্তু এখন পর্যন্ত জমি থেকে পানি নামছে না। এ বিষয়ে আমরা উপজেলা কৃষি অফিসসহ অন্যান্য অফিসে ধরনা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল আজিজ প্রথম আলোকে জানান, ‘দুই উপজেলার মধ্যে লৌহজংয়ে অপরিকল্পিতভাবে খাল ও নালা ভরাট করা হয়েছে বেশি। এ কারণে জমির পানি নামতে পারছে না। আমরা বিষয়টি বিএডিসির ঢাকা অঞ্চলের প্রকল্প পরিচালককে (ক্ষুদ্র সেচ) বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।