
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ১৫টি বিলে চলতি মৌসুমে রোপা আমনের চাষ হচ্ছে না। খাল ভরাটের কারণে জলাবদ্ধতা তৈরি হওয়ায় এসব বিলের দুই শতাধিক একর কৃষিজমি এবারও অনাবাদি থেকে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা।
কৃষকেরা বলছেন, একই কারণে এর আগে ইরি ও বোরো মৌসুমেও চাষ করতে পারেননি তাঁরা। এতে তাঁরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পদক্ষেপ নিচ্ছে না।
চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্পের দুটি পাম্পহাউস সার্বক্ষণিক কাজ করছে। যেসব জমিতে জলাবদ্ধতা রয়েছে, সেগুলো দূর করতে পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর) সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতরে প্রায় নয় হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু জলাবদ্ধতার কারণে প্রকল্পের ১৫টি বিলে ২০০ একরেরও বেশি জমিতে আমনের আবাদ হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, গত এক-দেড় মাসে ভারী বৃষ্টিপাতের ফলে প্রকল্পের অনেকগুলো ফসলি বিলে তিন-চার ফুট পর্যন্ত পানি জমেছে। এসব পানি সরানোর পদক্ষেপ না নেওয়ায় সেখানে রোপা আমনের আবাদ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলাবদ্ধতা নিরসনে পাউবো কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। এসব জমিতে আবাদ না হলে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
গত শনি ও মঙ্গলবার সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, ফতেপুর, সিপাইকান্দি, চরহরিঘোষ, ফরাজীকান্দি, মান্দারতলী, রসুলপুর, টরকি, আমুয়াকান্দা, ইন্দুরিয়া, ইসলামাবাদ, দুর্গাপুর, ব্রাহ্মণচক, ঝিনাইয়া, মিঠুরকান্দি ও মুক্তিরকান্দি এলাকায় বিলে তিন-চার ফুট পর্যন্ত পানি জমে আছে। এসব বিলের জমিতে আগাছা ও কচুরিপানা গজে উঠেছে।
আমুয়াকান্দা এলাকার আ. করিম বলেন, বিলে তাঁর পাঁচ-ছয়টি ধানি জমি আছে। এগুলোয় অনেক দিন ধরে পানি আটকে আছে। এ কারণে আমন রোপণ করতে পারছেন না। গত মৌসুমে ইরি ও বোরোর চাষও করতে পারেননি। এতে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পানি সরাতে পাউবো কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না।
ফতেপুর-সিপাইকান্দি-ঠেটালিয়া এলাকার পানি ব্যবহারকারী দলের সাধারণ সম্পাদক গোলাম নবী বলেন, সেচ প্রকল্পটির বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের খাল প্রভাবশালী ব্যক্তিরা ভরাট করে রেখেছেন। কিছু জায়গায় লোকজন খালে আবর্জনা ফেলে রেখেছেন। এতে এসব খাল দিয়ে পানি মূল খালে যেতে পারছে না। নিচু জমিতে আটকে থাকা পানিও সরানো সম্ভব হচ্ছে না। এসব খাল দখলমুক্ত ও পরিষ্কার করতে পাউবো কর্তৃপক্ষ ভূমিকা নিচ্ছে না।
পাউবোর চাঁদপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, সেচ প্রকল্পের আমিনপুর, রামদাসপুর ও এখলাছপুরসহ কয়েকটি এলাকায় পানি নিষ্কাশন খালের ওপর সেতু নির্মাণ করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়। সেখানে খাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে পানি সরানো সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন মজুমদার বলেন, নিষ্কাশন খাল বন্ধ বা ভরাট করা হয়নি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।