জলাবদ্ধতার চেয়ে পরিচ্ছন্নতাকে বড় সমস্যা ভাবেন মেয়র নাছির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতাকে চট্টগ্রামের জন্য বড় সমস্যা মনে করেন না নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তাঁর বিবেচনায় অপরিচ্ছন্নতা নগরের সবচেয়ে বড় সমস্যা। যদিও নির্বাচনী প্রচারণায় জলাবদ্ধতাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। জলাবদ্ধতা দূর করতে না পারায় প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী মেয়রের কঠোর সমালোচনাও করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লালদীঘি মাঠে পেশাজীবীদের দেওয়া সংবর্ধনায় নবনির্বাচিত মেয়র বলেন, ‘বৃষ্টি হলে শুধু জলাবদ্ধতা হয়। কতক্ষণ থাকে? এক ঘণ্টা, দুই ঘণ্টা...সাত ঘণ্টা? এরপর পানি নেমে যায়। অথচ আমরা ৩৬৫ দিন দুর্গন্ধের শিকার হচ্ছি। যারা জলাবদ্ধতাকে বড় সমস্যা মনে করেন তারাই তুলনা করুন—কোনটি বড় সমস্যা। ব্যক্তিগতভাবে জলাবদ্ধতাকে অত বড় সমস্যা মনে করি না।’
মেয়র আ জ ম নাছির উদ্দিন নাগরিক সংবর্ধনা কমিটির ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদেরও ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংবর্ধনা কমিটির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও কলিম সরওয়ার এবং সদস্যসচিব অহিদ সিরাজ চৌধুরী।
নাছির উদ্দিন বলেন, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সময় মানুষ চট্টগ্রাম এলে স্বীকার করত এটি পরিচ্ছন্ন শহর। হারানো গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। পরিচ্ছন্নতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ব্যক্তিগতভাবে জলাবদ্ধতাকে ‘অত বড় সমস্যা’ মনে করেন না তিনি।
সিটি নির্বাচনে আ জ ম নাছিরের নির্বাচনী ইশতেহারে প্রথম বিষয় ছিল চট্টগ্রামকে মেগাসিটি হিসেবে গড়ে তোলা। দ্বিতীয় বিষয় হিসেবে স্থান পেয়েছে জলাবদ্ধতা থেকে মুক্তি। ইশতেহারে ১২তম বিষয় হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ বিষয়টি তুলে ধরা হয়েছিল। ইশতেহারে জলাবদ্ধতা নিয়ে বলা হয়েছে, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহরের বেশির ভাগ এলাকা। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েন মানুষ। ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান, অফিসপাড়ায় পানি ঢুকে সম্পদের ক্ষতি হয়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি ওঠে।
জলাবদ্ধতা দূর করতে না পারার বিষয়ে বিদায়ী মেয়র মনজুর আলম নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন, এখন জলাবদ্ধতা হয় না। যা হয় তা জলজট। তিন-চার ঘণ্টার বেশি কোথাও পানি থাকে না।
গতকালের সংবর্ধনায় মেয়র জানান, আগামী ২৬ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বলেন, দায়িত্ব বুঝে নেওয়ার পর বিভিন্ন সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা করা হবে। ৪১ ওয়ার্ডের প্রতিটিতে যাবেন তিনি। রাজনৈতিক দল, পেশাজীবী, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন, তাঁদের সমস্যা শুনবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ প্রমুখ।
ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত: সংবর্ধনা অনুষ্ঠান শেষে নাছিরের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন। আহত রিফাত ওমর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক ছিলেন।
রিফাতের বন্ধু ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসম্পাদক আবদুল মালেক প্রথম আলোকে জানান, আ জ ম নাছির বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় রিফাতসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।